একই অর্থবছরের আর্থিক প্রতিবেদনে কোথাও সম্পদের পরিমাণ বাড়লেও অবচয় ব্যয় কমেছে, কোথাও আইপিওর কোটি কোটি টাকা পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। আবার কোনো কোম্পানির ব্যাংক ঋণ ও পুঞ্জীভূত লোকসান বড় অঙ্কে পৌঁছেছে, অন্যদিকে একটি প্রতিষ্ঠানের বিক্রির প্রায় অর্ধেকের তথ্যই পাওয়া যাচ্ছে না ভ্যাট রিটার্নে। শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করতে গিয়ে এমন নানা অসংগতি শনাক্ত করেছেন নিরীক্ষকরা।
কোম্পানিগুলো হলো টেকনো ড্রাগস, আমান কটন ফাইব্রাস, সাফকো স্পিনিং মিলস ও লিগ্যাসি ফুটওয়্যার। নিরীক্ষা পর্যবেক্ষণে সম্পদের মূল্যায়ন, অবচয় নির্ধারণ, অগ্রিম অর্থের হিসাব, সহযোগী প্রতিষ্ঠানে ঋণ দেওয়া এবং ভ্যাট রিটার্নের সঙ্গে আর্থিক প্রতিবেদনের তথ্যের অমিল উঠে এসেছে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও আন্তর্জাতিক হিসাবরক্ষণ মানদণ্ড অনুসরণ না করার বিষয়ও চিহ্নিত হয়েছে। এসব পর্যবেক্ষণ কোম্পানিগুলোর আর্থিক তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সম্পদের পরিমাণ বাড়লেও অবচয় কমল যেভাবে
টেকনো ড্রাগসের হিসাবের একটি বড় অসংগতি দেখা যাচ্ছে স্থায়ী সম্পদ সংযোজন ও অবচয় ব্যয়ের তুলনায়। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি নতুন করে ১২০ কোটি টাকার স্থায়ী সম্পদ যুক্ত করেছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৩৮ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরে নতুন স্থায়ী সম্পদ সংযোজন বেড়েছে ২০৮ দশমিক ১ শতাংশ।
নতুন সম্পদ যুক্ত হওয়ার পর কোম্পানিটির স্থায়ী সম্পদের নিট মূল্যও বেড়ে ৪৬৯ কোটি টাকা হয়েছে, যা আগের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ বেশি। কিন্তু সম্পদের এই বৃদ্ধির সঙ্গে অবচয় ব্যয়ের কোনো সামঞ্জস্য দেখা যায়নি। বরং আগের বছরের তুলনায় অবচয় ব্যয় ৪৪ দশমিক ৩ শতাংশ কমে ১৯ কোটি ৬৮ লাখ টাকায় নেমেছে।
নিরীক্ষকদের প্রশ্নের জায়গাটি এখানেই। সাধারণত নতুন যন্ত্রপাতি কিংবা স্থাপনা যুক্ত হলে অবচয় ব্যয় বাড়ার কথা। অথচ স্থায়ী সম্পদ সংযোজন দ্বিগুণের বেশি হওয়ার পরও অবচয় ব্যয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় নতুন সম্পদগুলো যথাযথভাবে হিসাবের অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিরীক্ষকরা।
আইপিওর অর্থ পড়ে আছে, সহযোগী প্রতিষ্ঠানকে ঋণও দেওয়া হয়েছে
আমান কটন ফাইব্রাসের আর্থিক প্রতিবেদনে একদিকে আইপিও তহবিলের দীর্ঘদিন অব্যবহৃত থাকার বিষয়টি রয়েছে, অন্যদিকে অগ্রিম অর্থ ও সহযোগী প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার হিসাবেও অসংগতি পাওয়া গেছে।
চলতি বছরের জুন পর্যন্ত কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ৭১ কোটি ৭৫ লাখ টাকা ব্যবহার করা হয়নি। তহবিল ব্যবহারের সময়সীমা ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তারপরও অর্থ ব্যবহারে দীর্ঘসূত্রতা কোম্পানিটির বিনিয়োগ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে।
অগ্রিম অর্থের হিসাবেও অনিশ্চয়তা রয়েছে। কোম্পানিটি ৪৪ কোটি ৭৫ লাখ টাকা অগ্রিম দেখিয়েছে। এর মধ্যে ১৩ কোটি ৪৮ লাখ টাকা সারা বছর একই অবস্থায় ছিল। ফলে এই অর্থ আদায় হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এর বাইরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই দুটি সহযোগী প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার তথ্য পাওয়া গেছে। ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোং এবং আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলসকে ঋণ ও অগ্রিম হিসেবে দেওয়া হয়েছে ১১ কোটি ৮৯ লাখ টাকা। এসব লেনদেনের আসল ও সুদের হিসাবও নিরীক্ষকদের পক্ষে সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সম্পদ যাচাই করা যায়নি, ঋণ ১৩৯ কোটি টাকা সাফকো স্পিনিং মিলসের
সাফকো স্পিনিং মিলসের ক্ষেত্রে নিরীক্ষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে সম্পদের হিসাব যাচাইয়ের সীমাবদ্ধতা এবং আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ। ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবেদনে কোম্পানিটি ১২০ কোটি ৫ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখিয়েছে। কিন্তু এসব সম্পদের যথাযথ রেজিস্টার সংরক্ষণ না করায় নিরীক্ষকরা এর হিসাব যাচাই করতে পারেননি।
অন্যদিকে কোম্পানিটির আর্থিক অবস্থার ওপর চাপের চিত্র পাওয়া যাচ্ছে লোকসান ও ব্যাংক ঋণের হিসাবে। পুঞ্জীভূত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১০১ কোটি টাকা। অপরিশোধিত ব্যাংক ঋণের পরিমাণ ১৩৯ কোটি টাকা।
আয় কমে যাওয়া এবং ঋণাত্মক ইক্যুইটির কারণে কোম্পানিটির ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইজারা চুক্তির হিসাবের সমস্যা। আন্তর্জাতিক হিসাবরক্ষণ মানদণ্ড আইএফআরএস-১৬ অনুযায়ী ইজারা চুক্তির সম্পদ ও দায় আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার কথা। কিন্তু সাফকো স্পিনিং মিলস তা করেনি। ফলে কোম্পানিটির মোট সম্পদ ও দায়ের প্রকৃত চিত্র আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত হয়নি।
আর্থিক প্রতিবেদনের বিক্রির তথ্যের সঙ্গে ভ্যাট রিটার্নের বড় ব্যবধান
লিগ্যাসি ফুটওয়্যারের ক্ষেত্রে অসংগতির বিষয়টি স্পষ্ট হয়েছে বিক্রি ও কাঁচামাল কেনার হিসাব তুলনা করলে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি আর্থিক প্রতিবেদনে ৬ কোটি ৪৭ লাখ টাকার টার্নওভার দেখিয়েছে। কিন্তু ভ্যাট রিটার্নে একই সময়ের বিক্রির পরিমাণ উল্লেখ করেছে ৩ কোটি ৪৩ লাখ টাকা।
অর্থাৎ আর্থিক প্রতিবেদনে দেখানো বিক্রির ৩ কোটি ৩ লাখ টাকার তথ্য ভ্যাট রিটার্নে পাওয়া যায়নি। মোট বিক্রির হিসাবে এই পার্থক্য প্রায় ৪৬ দশমিক ৯ শতাংশ।
কাঁচামাল কেনার ক্ষেত্রেও একই ধরনের অমিল রয়েছে। আর্থিক প্রতিবেদনে ১ কোটি ৫৮ লাখ টাকার কাঁচামাল কেনার তথ্য থাকলেও ভ্যাট রিটার্নে কোনো ক্রয়ের হিসাব দেখানো হয়নি। নিরীক্ষকদের পর্যবেক্ষণে উঠে আসা এই পার্থক্য কোম্পানিটির কর ও ভ্যাট ফাঁকির ইঙ্গিত দিচ্ছে।
চার কোম্পানির আর্থিক তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
চার প্রতিষ্ঠানের নিরীক্ষা পর্যবেক্ষণে অসংগতির ধরন এক নয়। টেকনো ড্রাগসের ক্ষেত্রে সম্পদ ও অবচয়ের হিসাবের মধ্যে অমিল, আমান কটন ফাইব্রাসের ক্ষেত্রে আইপিও তহবিল, অগ্রিম অর্থ ও অনুমোদনহীন ঋণ লেনদেন, সাফকো স্পিনিং মিলসের ক্ষেত্রে সম্পদ যাচাই, ঋণ ও ইজারা হিসাব এবং লিগ্যাসি ফুটওয়্যারের ক্ষেত্রে বিক্রি ও কাঁচামাল কেনার তথ্যে ভ্যাট রিটার্নের সঙ্গে পার্থক্য পাওয়া গেছে।
তবে সব ক্ষেত্রেই নিরীক্ষকদের পর্যবেক্ষণ আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও যাচাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন সামনে এনেছে। বিশেষ করে সম্পদ, দায়, আয় ও ব্যয়ের তথ্য যথাযথভাবে হিসাবভুক্ত হয়েছে কি না, তা নিয়ে চার কোম্পানির আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নতুন করে আলোচনায় এসেছে।
FAQ
১. কোন চার কোম্পানির আর্থিক প্রতিবেদনে অসংগতি পাওয়া গেছে?
টেকনো ড্রাগস, আমান কটন ফাইব্রাস, সাফকো স্পিনিং মিলস ও লিগ্যাসি ফুটওয়্যারের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন অসংগতি শনাক্ত করেছেন নিরীক্ষকরা।
২. টেকনো ড্রাগসের অবচয় ব্যয় কত কমেছে?
আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির বার্ষিক অবচয় ব্যয় ৪৪ দশমিক ৩ শতাংশ কমে ১৯ কোটি ৬৮ লাখ টাকা হয়েছে।
৩. আমান কটন ফাইব্রাসের কত টাকার আইপিও তহবিল অব্যবহৃত রয়েছে?
চলতি বছরের জুন পর্যন্ত কোম্পানিটির ৭১ কোটি ৭৫ লাখ টাকার আইপিও তহবিল অব্যবহৃত ছিল।
৪. সাফকো স্পিনিং মিলসের পুঞ্জীভূত লোকসান ও ব্যাংক ঋণ কত?
কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১০১ কোটি টাকা এবং অপরিশোধিত ব্যাংক ঋণের পরিমাণ ১৩৯ কোটি টাকা।
৫. লিগ্যাসি ফুটওয়্যারের বিক্রির হিসাবে কত টাকার পার্থক্য পাওয়া গেছে?
আর্থিক প্রতিবেদনে ৬ কোটি ৪৭ লাখ টাকার বিক্রি দেখানো হলেও ভ্যাট রিটার্নে দেখানো হয়েছে ৩ কোটি ৪৩ লাখ টাকা। দুই হিসাবের মধ্যে পার্থক্য ৩ কোটি ৩ লাখ টাকা।
তানভির ইসলাম/











