জমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে ভূমি অফিসে হয়রানি, অনিয়ম কিংবা অযৌক্তিক বিলম্বের শিকার হলে এখন অভিযোগ জানানোর জন্য রয়েছে সরকারি হটলাইন ও অনলাইন ব্যবস্থা। এ ছাড়া ভূমি অফিসে দালালনির্ভরতা ও দুর্নীতি কমাতে কেন্দ্রীয়ভাবে অভিযোগ পর্যবেক্ষণ এবং নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।
গত ১১ নভেম্বর ২০২৬ ভূমিমন্ত্রী জানান, ভূমি অফিসে নাগরিক হয়রানি, দুর্নীতি ও দালালের দৌরাত্ম্য বন্ধে একটি কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে। এই দল নাগরিকদের অভিযোগ গ্রহণ, সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো, ব্যবস্থা নেওয়ার অগ্রগতি পর্যবেক্ষণ এবং অভিযোগ নিষ্পত্তির বিষয়টি তদারকি করবে।
ভূমি অফিসে অভিযোগ জানাবেন যেভাবে
ভূমি সংক্রান্ত সেবা পেতে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীর অসদাচরণ, অনিয়ম, দুর্নীতি কিংবা অযৌক্তিক বিলম্বের শিকার হলে নাগরিকেরা ভূমিসেবা কল সেন্টার ১৬১২২ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এই কল সেন্টার সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা চালু রয়েছে।
প্রবাসীদের জন্যও রয়েছে আলাদা হটলাইন। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে যোগাযোগ করে ভূমিসংক্রান্ত অভিযোগ ও সহায়তা চাইতে পারবেন।
এ ছাড়া অনলাইনে অভিযোগ জানাতে ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম ব্যবহার করা যায়। এ জন্যhttps://hotline.land.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে অভিযোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে অভিযোগ জমা দেওয়া যায়। অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তির তথ্যও অনলাইনে অনুসরণ করা সম্ভব।
সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায়ও করা যাবে আবেদন
ভূমি অফিসের সেবা নিয়ে অভিযোগ জানানোর আরেকটি মাধ্যম হলো সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস। এ জন্যhttps://www.grs.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন বা লগইন করতে হবে। এরপর নতুন অভিযোগের অপশন থেকে সংশ্লিষ্ট দপ্তর ও সেবা নির্বাচন করে অভিযোগের বিবরণ, প্রয়োজনীয় তথ্য এবং প্রাসঙ্গিক কাগজপত্র জমা দেওয়া যায়।
অভিযোগ জমা দেওয়ার পর একটি ট্র্যাকিং নম্বর পাওয়া যায়। এই নম্বর ব্যবহার করে অভিযোগের অগ্রগতি জানা যায়। অভিযোগের অবস্থা সম্পর্কে এসএমএস বা ই-মেইলের মাধ্যমেও তথ্য পাওয়ার ব্যবস্থা রয়েছে।
জিআরএসের নিয়ম অনুযায়ী, সাধারণ অভিযোগ নিষ্পত্তির সর্বোচ্চ সময় ৩০ কার্যদিবস। তদন্তের প্রয়োজন হলে অতিরিক্ত ১০ কার্যদিবস সময় লাগতে পারে। অভিযোগের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে আপিল করা যায়, যার নিষ্পত্তির সময়সীমা সর্বোচ্চ ২০ কার্যদিবস।
তবে আদালতে বিচারাধীন বিষয়, তথ্য অধিকারসংক্রান্ত অভিযোগ এবং যেসব বিষয়ে আইন অনুযায়ী আলাদা আপিল বা পর্যালোচনার সুযোগ রয়েছে, সেগুলো সাধারণত জিআরএসের আওতায় গ্রহণযোগ্য নয়। পরিচয় গোপন রেখেও অভিযোগ করা যায়; তবে সে ক্ষেত্রে অভিযোগের অগ্রগতি জানার সুযোগ সীমিত থাকে।
অভিযোগ নিষ্পত্তিতে কেন্দ্রীয়ভাবে নজরদারি
ভূমি মন্ত্রণালয়ের নতুন উদ্যোগের অংশ হিসেবে গঠিত কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা দল ভূমি অফিসগুলোর সেবার মান, অনিয়ম এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করবে। নাগরিকদের কাছ থেকে পাওয়া অভিযোগ যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে। পরে অভিযোগের নিষ্পত্তি হয়েছে কি না, সেটিও অনুসরণ করা হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি বা লিখিতভাবে জমা দেওয়া অভিযোগ দেখভালের জন্য আলাদা শাখাও খোলা হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যমে প্রকাশিত ভূমি অফিসের অনিয়ম ও হয়রানির অভিযোগও বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ ছাড়া জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ড্যাশবোর্ডের মাধ্যমে ভূমিসেবা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন—এমন কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলির উদ্যোগও নেওয়া হচ্ছে।
ভূমি অফিসের কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে অবস্থান যাচাইয়ের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। পাশাপাশি ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলার তথ্য পেতে হয়রানি কমানোর লক্ষ্যে ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম’ চালু করা হয়েছে।
অভিযোগ করার আগে যেসব বিষয় মনে রাখবেন
ভূমি অফিসে সেবা পেতে হয়রানি, দুর্নীতি, অনিয়ম বা অযৌক্তিক বিলম্বের অভিযোগ থাকলে ঘটনার তারিখ, সংশ্লিষ্ট অফিসের নাম, কর্মকর্তার পরিচয় জানা থাকলে তা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা উচিত। অনলাইনে অভিযোগ করার সময় এসব তথ্য ও প্রমাণ যুক্ত করলে অভিযোগটি বুঝতে এবং যাচাই করতে সুবিধা হতে পারে।
তবে ভূমি অফিসের সেবা নিয়ে অভিযোগ এবং জমির মালিকানা বা দখলসংক্রান্ত বিরোধ এক বিষয় নয়। জমির মালিকানা, সীমানা বা দখল নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আদালতে বিচারাধীন বিষয় বা আইনে নির্ধারিত আপিলের সুযোগ থাকা বিষয়ে সাধারণ অভিযোগ প্রতিকার ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে।
সব মিলিয়ে, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে প্রথমে ১৬১২২ নম্বরে যোগাযোগ করা যায়। প্রয়োজনে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন অভিযোগ ব্যবস্থা অথবা সরকারের জিআরএস পোর্টালেও অভিযোগ জমা দেওয়া সম্ভব।
পাঠকের সাধারণ প্রশ্ন (FAQ)
১. ভূমি অফিসে হয়রানির শিকার হলে কোথায় অভিযোগ করব?
ভূমি মন্ত্রণালয়ের ১৬১২২ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। এ ছাড়া https://hotline.land.gov.bd/ ওয়েবসাইটেও অভিযোগ করা যায়।
২. ভূমি অফিসের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ করা যায় কি?
হ্যাঁ। ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব অভিযোগ পোর্টাল এবং সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা www.grs.gov.bd ব্যবহার করে অনলাইনে অভিযোগ জমা দেওয়া যায়।
৩. ভূমি অফিসে ঘুষ দাবি করলে কী করবেন?
ঘটনার বিবরণ ও প্রাসঙ্গিক প্রমাণ সংরক্ষণ করে ১৬১২২ নম্বরে অভিযোগ জানাতে পারেন। অনলাইনেও অভিযোগ জমা দেওয়ার সুযোগ রয়েছে।
৪. বিদেশে থেকেও কি ভূমি সংক্রান্ত অভিযোগ করা যাবে?
হ্যাঁ। প্রবাসী বাংলাদেশিদের জন্য +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে বিশেষ হটলাইন রয়েছে।
৫. অনলাইনে অভিযোগ করার পর কীভাবে অগ্রগতি জানব?
জিআরএসে অভিযোগ জমা দেওয়ার পর পাওয়া ট্র্যাকিং নম্বর ব্যবহার করে ওয়েবসাইটে অভিযোগের অবস্থা দেখা যায়। এসএমএস ও ই-মেইলেও অগ্রগতির তথ্য পাঠানো হয়।
আল-মামুন/














