শেয়ারবাজারে কারসাজির অভিযোগে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির এক স্পন্সর পরিচালকের ভাইকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচায় বিধি লঙ্ঘন করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সময়ের লেনদেনে অস্বাভাবিকতা পরিলক্ষিত হওয়ার পর তদন্তে নামে ডিএসই। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, কোম্পানির স্পন্সর পরিচালক মো. ইকরামুল হকের ভাই মো. জাহেদুল হক ছয়টি আলাদা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ব্যবহার করে বড় আকারের শেয়ার লেনদেন করেছেন।
তদন্তে উঠে এসেছে যে, উল্লিখিত সময়ে জাহেদুল হক বিভিন্ন ব্রোকারেজ হাউসের ছয়টি বিও হিসাব থেকে নিজের মধ্যেই ১ লাখ ৩৯ হাজার ৮০৬টি শেয়ারের হাতবদল করেছেন। প্রায় ৩৫৭টি লেনদেনের মাধ্যমে তিনি শেয়ারের মালিকানা পরিবর্তন না করেই কৃত্রিমভাবে বাজারের সক্রিয়তা দেখানোর চেষ্টা করেছেন, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সুস্পষ্ট লঙ্ঘন।
ডিএসইর প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, ২১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কার্যদিবসে ওই বিনিয়োগকারী বড় আকারের ক্রয়াদেশ দিয়ে শেয়ারের দর উঠানামা করিয়েছেন। যদিও ওই নির্দিষ্ট সময়ে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের শেয়ার দর ১৭ টাকা ৩০ পয়সা বা প্রায় ১৭.৭১ শতাংশ কমে ৯৭ টাকা ৭০ পয়সা থেকে ৮০ টাকা ৪০ পয়সায় নেমে আসে।
গত ২৪ আগস্ট বিএসইসির শুনানিতে উপস্থিত হয়ে মো. জাহেদুল হক নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আইন মেনে চলার প্রতিশ্রুতি দেন। তবে তার ব্যাখ্যা ও বিনিয়োগে লোকসানের দাবিকে পর্যাপ্ত মনে না করায় কমিশন ১০ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। শেয়ারবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।













