ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ফোন করে আত্মসমর্পণের ইচ্ছা জানালেন শুটার রায়হান

আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশের কাছে ফিরে আসার কথা ভাবছেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। তবে পুলিশের হাতে ধরা দেওয়ার পর তার ভবিষ্যৎ কী হবে, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। বিশেষ করে রাজনৈতিক ক্ষমতার পালাবদলে নতুন মামলায় ফাঁসানো এবং আট থেকে দশ বছর কারাগারে কাটানোর আশঙ্কা তাকে আত্মসমর্পণের সিদ্ধান্ত থেকে পিছিয়ে রাখছে। সম্প্রতি হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে ফোনালাপে নিজের এই শঙ্কার কথা তুলে ধরেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) ওই আলোচনার ৯ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান। একই দিনে কথোপকথনের অডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেন পুলিশ কর্মকর্তা। প্রকাশিত রেকর্ডিংয়ে একদিকে রায়হানকে নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে উদ্বেগ জানাতে শোনা যায়, অন্যদিকে পুলিশ কর্মকর্তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে নিরাপত্তার নিশ্চয়তা দিতে দেখা যায়।

বিএনপি-আওয়ামী লীগ—দুই পক্ষের মামলার আশঙ্কা

ফোনালাপে রায়হানের মূল উদ্বেগের জায়গা ছিল ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি। তার আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে আত্মসমর্পণ করে কারাগারে গেলে পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে নতুন মামলা হতে পারে। এতে দীর্ঘ সময় কারাগারের বাইরে আসার সুযোগ নাও মিলতে পারে।

নিজের এই আশঙ্কা বোঝাতে তিনি পুলিশ কর্মকর্তাকে বলেন, এখন আত্মসমর্পণ করলে আট-দশ বছর তাকে বাইরে থাকতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় এলে বিএনপি মামলা দেবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে আওয়ামী লীগ মামলা দেবে—এমন পরিস্থিতিতে কোন পথে এগোবেন, তা বুঝতে পারছেন না তিনি।

রায়হানের এই শঙ্কার জবাবে কাজী মো. তারেক আজিজ তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন। পুলিশ কর্মকর্তা জানান, আত্মসমর্পণ করলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। বর্তমানে তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর বাইরে অপ্রয়োজনীয় নতুন কোনো মামলায় জড়ানো হবে না বলেও আশ্বাস দেন তিনি। এমনকি নিজের পক্ষ থেকে শতভাগ নিশ্চয়তা দেওয়ার কথা জানিয়ে রায়হানকে পুলিশের কাছে আসতে বলেন।

আগের উদ্যোগ ফাঁস হওয়ায় এবারও সতর্ক রায়হান

পুলিশের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেলেও রায়হানের সংশয় পুরোপুরি দূর হয়নি। কারণ, এর আগে একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়েও বিপাকে পড়েছিলেন বলে ফোনালাপে দাবি করেন তিনি। সেই উদ্যোগের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল তাকে। এবারও একই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

কথোপকথনে নিজের অবস্থান শনাক্ত করার পদ্ধতি নিয়েও আলোচনা করেন রায়হান। হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার প্রসঙ্গ তোলেন তিনি। পুলিশের একাধিক সদস্য তার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেন বলেও দাবি করেন। একই সঙ্গে পুলিশ তাকে খুঁজে বের করতে পারবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

অন্যদিকে পুলিশ কর্মকর্তা তাকে ওই দিনই পুলিশের কাছে চলে আসতে বলেন। আত্মসমর্পণের ব্যবস্থা করতে তারা অপেক্ষা করছেন বলেও জানান। তবে দূরত্বের কারণে সেদিন পুলিশের কাছে পৌঁছানো সম্ভব হবে না বলে জানান রায়হান। কথোপকথনের শেষ দিকে ভবিষ্যতে দেখা হওয়ার আশা প্রকাশ করলেও কবে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে কোনো সময়সীমা দেননি তিনি।

ছয়জনকে গুলি করে আহত করার ঘটনা নিয়েও কথা

শুধু আত্মসমর্পণ নয়, ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে আহত করার ঘটনাটিও উঠে আসে পুলিশ কর্মকর্তার সঙ্গে রায়হানের আলোচনায়।

ঘটনার দিন নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রায়হান দাবি করেন, তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কয়েকজন তার গাড়ি আটকানোর চেষ্টা করেন। তবে গাড়ির সামনে ও পেছনে লোকজন কেন অবস্থান নিয়েছিলেন, তা তার জানা নেই বলে জানান। কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

গুলিতে আহত ব্যক্তিদের ক্ষয়ক্ষতির প্রসঙ্গ তুলে পুলিশ কর্মকর্তা তার কাছে জানতে চান। জবাবে রায়হান দাবি করেন, তার কারণে গরিব বা অসহায় মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে কেন সবাই তার পেছনে লেগেছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

আলোচনায় কাদের নামের এক ব্যক্তির প্রসঙ্গও আসে। ওই ব্যক্তিকে শনাক্ত করার বিষয়ে রায়হানের সহযোগিতা চান পুলিশ কর্মকর্তা। কিন্তু এ ক্ষেত্রে কারও সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না বলে জানান রায়হান। বিষয়টি নিয়ে সরাসরি বসে কথা বলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সুয়াবিলের চুরখাঁরহাটে কী ঘটেছিল

সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় রায়হানের অবস্থান সম্পর্কে খবর পাওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে আটকানোর চেষ্টা করেন। তখন তার সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যান।

ঘটনার পরদিন মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গুলি চালানোর বিষয়টি স্বীকার করেন রায়হান। তবে তার বক্তব্য, আত্মরক্ষার প্রয়োজনেই তিনি গুলি চালাতে বাধ্য হয়েছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে কারও আর্থিক সহায়তা প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।

হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫ মামলা

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হান আলমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের মামলা রয়েছে। হত্যা ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে।

রায়হানকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে: পুলিশ

রায়হানের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। ঢাকা পোস্টকে তিনি জানান, সুয়াবিলের ঘটনার পর রায়হানকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়েছিল। পুলিশের হাতছাড়া হওয়ার পর রায়হানই তাকে ফোন করেন। তখন তিনি কৌশলে আত্মসমর্পণের প্রস্তাব দেন।

পুলিশ কর্মকর্তা বলেন, আত্মসমর্পণ করলে ক্রসফায়ারের শিকার হতে পারেন—এমন ভয় অনেকের মধ্যে থাকে। রায়হানকেও এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। তিনি দায়িত্বে থাকা পর্যন্ত রায়হান নিরাপদ থাকবেন বলে জানিয়েছেন।

রায়হানকে গ্রেপ্তারের প্রচেষ্টা এখনো বন্ধ হয়নি বলেও জানান কাজী মো. তারেক আজিজ। আত্মসমর্পণের বিষয়ে রায়হানের আগ্রহ কতটা বিশ্বাসযোগ্য, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করার সুযোগ নেই। পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় কাজ করছে এবং তাকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

রায়হান স্বেচ্ছায় পুলিশের কাছে আসতে চাইলে সহযোগিতা করা হবে কি না, সে বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য, যেকোনো উপায়েই তাকে আইনের আওতায় আসতে হবে। সেটি গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণ—দুইভাবেই হতে পারে।

FAQ

১. শুটার রায়হান কেন আত্মসমর্পণ করতে ভয় পাচ্ছেন?

আত্মসমর্পণের পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলে নতুন মামলায় জড়ানো এবং আট-দশ বছর কারাগারে থাকার আশঙ্কা করছেন তিনি।

২. শুটার রায়হানের সঙ্গে কোন পুলিশ কর্মকর্তা কথা বলেছেন?

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।

৩. রায়হানের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে?

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে।

৪. ফটিকছড়ির গুলির ঘটনায় কতজন আহত হয়েছিলেন?

সোমবার রাতে সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় গুলির ঘটনায় ছয়জন আহত হন।

৫. রায়হান কি আত্মসমর্পণের তারিখ জানিয়েছেন?

না। আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করলেও নির্দিষ্ট কোনো দিন বা সময় জানাননি তিনি।

আল-মামুন/

সবচেয়ে বেশি পড়া

সারাদেশের আরও খবর

সব খবর