বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন দেশের নারী ও পুরুষ প্রার্থীরা। সাধারণ (জিডি) ও টেকনিক্যাল (টিটি)—দুই ট্রেডে নিয়োগের জন্য আবেদন নেওয়া হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে। এসএমএস ও অনলাইনে আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে ২০২৭ সালে নির্ধারিত সেনানিবাসগুলোতে।
এ নিয়োগে দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা অংশ নিতে পারবেন। তবে ট্রেড অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক সক্ষমতার শর্ত আলাদা। আবেদন করতে আগ্রহীদের এসব শর্ত পূরণের পাশাপাশি সাঁতার জানা এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক।
কোন ট্রেডে কত বছর বয়সে আবেদন করা যাবে?
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সাধারণ ও টেকনিক্যাল—দুই ধরনের ট্রেডে প্রার্থী নেওয়া হবে। সাধারণ ট্রেডে আবেদনের বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। এ ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.০০ থাকতে হবে। মাদ্রাসা, কারিগরি ও উন্মুক্ত শিক্ষাব্যবস্থার প্রার্থীরাও এই যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
অন্যদিকে, টেকনিক্যাল ট্রেডে আবেদনকারীর বয়স হতে হবে ১৭ থেকে ২৩ বছর। এ ট্রেডে আবেদনের জন্য দুটি শিক্ষাগত যোগ্যতার যেকোনো একটি পূরণ করতে হবে।
প্রথমত, এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয়ত, এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.০০ অর্জনের পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে অন্তত তিন মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে।
বিজ্ঞান বিভাগ, প্যারামেডিক, ফিজিওথেরাপিস্ট, ওটিএ, আইসিএ ও রেডিওগ্রাফার বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করা প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
নারী ও পুরুষের শারীরিক যোগ্যতা
| শারীরিক মাপকাঠি | পুরুষ | নারী |
|---|---|---|
| সাধারণ উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) |
| ক্ষুদ্র নৃগোষ্ঠীর উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫২ মিটার (৫ ফুট) |
| ওজন | ৪৯.৯০ কেজি | ৪৭ কেজি |
| বুকের মাপ (স্বাভাবিক) | ৩০ ইঞ্চি | ২৮ ইঞ্চি |
| বুকের মাপ (স্ফীত) | ৩২ ইঞ্চি | ৩০ ইঞ্চি |
সৈনিক পদে আবেদনের ক্ষেত্রে উচ্চতা, ওজন ও বুকের মাপ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নারী ও পুরুষ প্রার্থীদের জন্য এসব শর্ত এক নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার নির্ধারিত মাপেও ছাড় রয়েছে।
শারীরিক মাপের পাশাপাশি প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এইচবিএসএজি ও ডোপ টেস্ট করা হবে।
এ ছাড়া প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও বাংলাদেশের নাগরিক হতে হবে। সাঁতার জানা বাধ্যতামূলক; পরীক্ষায় কমপক্ষে ৩৫ মিটার সাঁতার কাটতে হবে।
যাদের আবেদন করার সুযোগ নেই
নির্দিষ্ট কিছু শ্রেণির ব্যক্তি এ নিয়োগে আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া ব্যক্তি এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্তরা অযোগ্য বলে বিবেচিত হবেন।
এ ছাড়া সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হওয়া বা স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া ব্যক্তি এবং দ্বৈত নাগরিকত্বধারীরাও আবেদন করতে পারবেন না।
আবেদন করতে খরচ হবে ৩০০ টাকা
সৈনিক পদে আবেদন সম্পন্ন করতে মোট ৩০০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। আবেদন গ্রহণ করা হবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে।
আবেদনের প্রাথমিক ধাপে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে এসএমএসের নির্দিষ্ট ফরম্যাটসহ বিস্তারিত নির্দেশনা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে নেওয়া প্রয়োজন।
আবেদন ও নিয়োগের সময়সূচি
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সেনাবাহিনী |
| পদের নাম | সৈনিক |
| ট্রেড | সাধারণ (জিডি) ও টেকনিক্যাল (টিটি) |
| প্রার্থী | পুরুষ ও নারী |
| আবেদন শুরু | ১ ডিসেম্বর ২০২৬ |
| আবেদন শেষ | ৩১ জানুয়ারি ২০২৭ |
| আবেদন ফি | ৩০০ টাকা |
| আবেদন পদ্ধতি | এসএমএস ও অনলাইন |
| নিয়োগ কার্যক্রম | ২০২৭ সালে নির্ধারিত সেনানিবাসে |
নির্বাচিত হলে ৩৬ সপ্তাহের সামরিক প্রশিক্ষণ
নিয়োগপ্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীদের ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ নিতে হবে। অর্থাৎ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর এই প্রশিক্ষণ সম্পন্ন করা সৈনিক হিসেবে যোগদানের প্রক্রিয়ার অংশ।
আবেদনসংক্রান্ত সহায়তা ও যোগাযোগ
আবেদন করার পর ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে গেলে কিংবা ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ জানতে টেলিটক নম্বর থেকে ৬৫৯৬ নম্বরে এসএমএস পাঠানো যাবে।
জরুরি প্রয়োজনে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮ এবং পরে ১ চাপতে হবে। অন্য অপারেটর থেকে যোগাযোগের জন্য ০১৫০০১২১১২১ নম্বর দেওয়া হয়েছে।
এ ছাড়া ই-মেইলে যোগাযোগ করা যাবে [email protected] ঠিকানায়।
আবেদনের আগে প্রার্থীদের নিজ নিজ ট্রেডের শিক্ষাগত যোগ্যতা, বয়স ও শারীরিক শর্ত ভালোভাবে মিলিয়ে নেওয়া প্রয়োজন।
পাঠকের সাধারণ প্রশ্ন (FAQ)
১. বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন কবে শুরু হবে?
১ ডিসেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হবে। শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৭।
২. সৈনিক পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী?
সাধারণ ট্রেডে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডে নির্ধারিত কারিগরি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
৩. নারী প্রার্থীরা কি সৈনিক পদে আবেদন করতে পারবেন?
হ্যাঁ। সাধারণ ও টেকনিক্যাল ট্রেডে যোগ্য নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪. আবেদন ফি কত টাকা?
মোট আবেদন ফি ৩০০ টাকা। এর মধ্যে ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা।
৫. নির্বাচিত প্রার্থীদের কত দিনের প্রশিক্ষণ নিতে হবে?
নির্বাচিত প্রার্থীদের ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
তানভির ইসলাম/














