ক্রিকেটে বলের স্বাভাবিক অবস্থা বদলানোর অভিযোগে কখনো জরিমানা, কখনো নিষেধাজ্ঞা, আবার কখনো পুরো টেস্ট ম্যাচের মর্যাদাই হারানোর ঘটনা ঘটেছে। এ বিতর্কে জড়িয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও ইনজামাম-উল-হক, ইংল্যান্ডের মাইক আথারটন এবং দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসের মতো তারকারা। কেউ বল থেকে ঘাস সরিয়েছেন, কারও বিরুদ্ধে উঠেছে ধুলো ব্যবহারের অভিযোগ, আবার ক্যামেরায় ধরা পড়েছে বলে কামড় দেওয়ার ঘটনাও।
বল টেম্পারিং নিয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর একটি ‘স্যান্ডপেপারগেট’। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির বিষয়টি সামনে আসে। অস্ট্রেলিয়ার এক তারকা ক্রিকেটার এ কাজের কথা স্বীকার করেন। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথও দায় স্বীকার করে জানান, পরিকল্পনাটি সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন তিনি।
ওই ঘটনায় স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়। আট বছর পর সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজার আত্মজীবনীতে বিষয়টি নিয়ে নতুন দাবি আসায় পুরোনো বিতর্ক আবার আলোচনায় এসেছে। খাজার বক্তব্য, বল টেম্পারিংয়ের বিষয়টি দলের সবাই জানতেন। তবে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
তবে বল টেম্পারিংয়ের বিতর্ক কেবল অস্ট্রেলিয়ার ওই ঘটনা ঘিরে নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন সময়ে এমন অভিযোগে একাধিক তারকার নাম এসেছে। কোনো কোনো ঘটনায় অভিযোগের ধরন ও শাস্তি নিয়ে তৈরি হয়েছে আলাদা বিতর্ক।
১৯৯৪: লর্ডসে ধুলো ব্যবহারের অভিযোগ আথারটনের বিরুদ্ধে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৯৪ সালের লর্ডস টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক মাইক আথারটনকে ঘিরে বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ ওঠে। টেলিভিশন ফুটেজে তাকে বলের গায়ে ময়লা লাগাতে দেখা যায়।
আথারটন অবশ্য বলেছিলেন, ব্যবহৃত পিচ থেকে কিছু ধুলো তিনি পকেটে রেখেছিলেন। তার ব্যাখ্যা ছিল, হাত ও বল শুকনো রাখতেই ধুলো ব্যবহার করেছিলেন। বলের আর্দ্রতা দূর করাই ছিল উদ্দেশ্য, এর অবস্থা বদলে দেওয়ার চেষ্টা করেননি তিনি।
ম্যাচ রেফারি পিটার বার্জের কাছে আথারটন কী ব্যাখ্যা দিয়েছিলেন, তা নিয়ে বিভিন্ন বিবরণ পাওয়া যায়। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা না দিয়ে তাকে আর্থিক জরিমানা করা হয়।
শাস্তি: ২ হাজার পাউন্ড জরিমানা।
২০০১: শচীনের বিরুদ্ধে অভিযোগ, আইসিসির সিদ্ধান্তে নিষেধাজ্ঞা বাতিল
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে ২০০১ সালে সিরিজের দ্বিতীয় টেস্টে একটি টেলিভিশন ফুটেজকে কেন্দ্র করে বিতর্কে পড়েন শচীন টেন্ডুলকার। ফুটেজে তাকে বল থেকে ঘাসের একটি টুকরো সরাতে দেখা যায়। এর ভিত্তিতে ম্যাচ রেফারি মাইক ডেনেস ভারতের এই কিংবদন্তি ব্যাটারকে বল টেম্পারিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করেন এবং এক ম্যাচ নিষিদ্ধ করেন।
পরে বিষয়টি পর্যালোচনা করে আইসিসি জানায়, শচীনের কাজ বল টেম্পারিং ছিল না। বরং আম্পায়ারের অনুমতি ছাড়া বল পরিষ্কার করার ঘটনা ছিল সেটি। এই সিদ্ধান্তের পর তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
তবে মাইক ডেনেসকে ঘিরে বিরোধ আরও বড় আকার নেয়। দ্বিতীয় টেস্টে ভারতের ছয় ক্রিকেটারকেও শাস্তি দিয়েছিলেন তিনি। পরের টেস্টে ডেনেসকে ম্যাচ রেফারি হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে দক্ষিণ আফ্রিকা ও ভারত—দুই দলই তৃতীয় টেস্টের জন্য নির্ধারিত ডেনেসকে মাঠে প্রবেশ করতে বাধা দেয়।
এর পর আইসিসি ম্যাচটির টেস্ট মর্যাদা কেড়ে নেয়। দুই দল শেষ পর্যন্ত সেটি প্রীতি টেস্ট হিসেবে খেলেছিল।
শাস্তি: এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তবে আপিলের পর তা বাতিল হয়।
২০০৬: ওভাল টেস্ট ঘিরে নজিরবিহীন পরিস্থিতি, নিষিদ্ধ ইনজামাম
ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের চতুর্থ টেস্টে ২০০৬ সালে বলের অবস্থা নিয়ে বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে ম্যাচের ফল নির্ধারণ নিয়েও একাধিকবার সিদ্ধান্ত বদলাতে হয়।
ম্যাচের চতুর্থ দিনে আম্পায়ার ড্যারেল হেয়ার ও বিলি ডকট্রোভ খেলা থামিয়ে একটি বাক্সে করে বল আনান। তাদের অভিযোগ ছিল, পাকিস্তান অবৈধভাবে বলের অবস্থা পরিবর্তন করেছে। এর পর ইংল্যান্ডকে পাঁচটি পেনাল্টি রান দেওয়া হয় এবং বিকল্প বল নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
এর কিছুক্ষণ পর আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। চা-বিরতির পর মাঠে ফেরার সময় পাকিস্তান প্রতিবাদ জানিয়ে প্রথমে খেলতে অস্বীকৃতি জানায়। এর ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একটি ম্যাচ পরিত্যক্ত হিসেবে গণ্য হয়।
পাকিস্তানের অধিনায়ক ইনজামাম-উল-হককে দলের কর্মকাণ্ডের জন্য দায়ী করা হলেও বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয় আইসিসির একটি ট্রাইব্যুনাল। তবে খেলা পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানিয়ে খেলাটিকে হেয় করার দায়ে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ম্যাচটির ফল প্রথমে ড্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।
শাস্তি: চার ম্যাচ নিষিদ্ধ হন ইনজামাম-উল-হক।
২০১০: পার্থে বলে কামড় আফ্রিদির, নিষিদ্ধ দুই টি-টোয়েন্টিতে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১০ সালে ওয়াকায় সিরিজের শেষ ওয়ানডেতে অস্বাভাবিক এক কাণ্ড করে ক্যামেরায় ধরা পড়েন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। বলের গায়ে কামড় দিতে দেখা যায় তাকে। ম্যাচটি ছিল সিরিজের পঞ্চম ও চূড়ান্ত ওয়ানডে।
টেলিভিশন আম্পায়ার বিষয়টি মাঠের আম্পায়ারদের জানান। পরে আফ্রিদির সঙ্গে কথা বলে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে পাকিস্তান; সিরিজের ফলও হয় ৫-০।
ঘটনার পর আফ্রিদি প্রথমে বলেছিলেন, সেটির গন্ধ নেওয়া ও অনুভূতি বোঝার চেষ্টা করছিলেন তিনি। পরে অবশ্য নিজের আচরণকে ভুল বলে স্বীকার করেন। তার ভাষ্য, আবেগের বশে কাজটি করেছিলেন এবং এ জন্য তিনি লজ্জিত।
শাস্তি: দুইটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা।
২০১৬: মিন্টের লালা ব্যবহার, জরিমানা ডু প্লেসিসের
২০১৬ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। মিন্ট চুষে তৈরি হওয়া লালা দিয়ে বল চকচকে করার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। পরে আইসিসি তাকে এ অভিযোগে দোষী সাব্যস্ত করে।
এটি অবশ্য ডু প্লেসিসের বিরুদ্ধে প্রথম এমন অভিযোগ ছিল না। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ট্রাউজারের জিপারে বল ঘষে ক্ষয় করার ঘটনায় তাকে ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হয়েছিল।
২০১৬ সালের ঘটনাটি অস্ট্রেলিয়ার কোনো অভিযোগের ভিত্তিতে সামনে আসেনি। তবে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি বলেছিলেন, নিজের দলের কোনো খেলোয়াড় এমন কাজ করলে তিনি হতাশ হতেন। নিয়মের প্রয়োজনীয়তা তুলে ধরে ওয়ার্নার আরও বলেছিলেন, নিয়ম না মানলে সেগুলো রাখার অর্থ নেই। সীমা লঙ্ঘন করলে জরিমানা এবং টেস্ট ম্যাচ মিস করার মতো শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।
ওয়ার্নারের সেই বক্তব্যের প্রায় ১৬ মাস পর অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টে স্যান্ডপেপারগেট কেলেঙ্কারিতে তার নিজের নাম জড়িয়ে পড়ে।
শাস্তি: ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা এবং তিনটি পেনাল্টি পয়েন্ট পান ফাফ ডু প্লেসিস।
সচরাচর জিজ্ঞাসা
১. ক্রিকেটে স্যান্ডপেপারগেট কী?
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে শিরিষ কাগজ দিয়ে বলের অবস্থা পরিবর্তনের ঘটনা স্যান্ডপেপারগেট নামে পরিচিত।
২. শচীন টেন্ডুলকারকে কেন নিষিদ্ধ করা হয়েছিল?
২০০১ সালে পোর্ট এলিজাবেথ টেস্টে বল থেকে ঘাস সরানোর ঘটনায় তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছিলেন ম্যাচ রেফারি মাইক ডেনেস। পরে আইসিসি জানায়, সেটি বল টেম্পারিং নয়; আম্পায়ারের অনুমতি ছাড়া বল পরিষ্কার করার ঘটনা। ফলে নিষেধাজ্ঞা বাতিল হয়।
৩. শহীদ আফ্রিদিকে কোন ঘটনায় নিষিদ্ধ করা হয়েছিল?
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থের ওয়াকায় পঞ্চম ওয়ানডেতে বলে কামড় দেওয়ার ঘটনায় তাকে দুইটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হয়।
৪. ইনজামাম-উল-হক কী কারণে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন?
২০০৬ সালের ওভাল টেস্টে খেলা পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানিয়ে খেলাটিকে হেয় করার দায়ে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়। বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে অবশ্য আইসিসির ট্রাইব্যুনাল তাকে অব্যাহতি দিয়েছিল।
৫. ফাফ ডু প্লেসিসের বিরুদ্ধে কী অভিযোগ ছিল?
২০১৬ সালে হোবার্ট টেস্টে মিন্ট চুষে তৈরি হওয়া লালা দিয়ে বল চকচকে করার ঘটনায় তাকে বল টেম্পারিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করে আইসিসি। তিনি ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা ও তিনটি পেনাল্টি পয়েন্ট পান।
তানভির ইসলাম/












