এশিয়া কাপে একের পর এক চমক বাংলাদেশকে টপকে গেলো থাইল্যান্ড
আজ রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়াকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে স্বাগতিক বাংলাদেশকে টপকে গেছে থাই মেয়েরা। বাংলাদেশ চার ম্যাচে দুই জয়ে পেয়েছে চার পয়েন্ট।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে থাইল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছেন নান্নাপাট কোনচারোয়েঙ্কাই। এছাড়া অধিনায়ক নারুইমল চাওয়াই ২৮ ও চানিদা সুত্থিরুয়াংয়ের ব্যাট থেকে আসে ২৪ রান।
পরে ১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ৬৫ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। নারী এশিয়া কাপে ৫০ রানের এ জয়ই থাইল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানের জয়। বল হাতে ৪ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট নিয়েছেন থিপাচা পুত্থাউঙ।