Alamin Islam
Senior Reporter
জানা গেল খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে ও জানাজার সময়
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ বিদায়ের কর্মসূচি নির্ধারিত হয়েছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে এই বর্ষীয়ান নেত্রীকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিন দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি
উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়ার স্মরণে আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া তাঁর প্রয়াণে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শোক চলাকালীন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিদেশের মিশনগুলোতে তাঁর সম্মানে খোলা হবে বিশেষ শোক বই।
শোক পালনের অংশ হিসেবে কাল দেশের সব মসজিদে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া হবে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
শেষ বিদায় ও রাষ্ট্রীয় সম্মান
আজকের বিশেষ সভার শুরুতেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন। বৈঠকে একটি শোকপ্রস্তাব গৃহীত হয়, যা পাঠ করেন পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে বলেন, "পুরো জাতি প্রার্থনা করছিল যেন তিনি আরও অনেক বছর আমাদের মাঝে থাকেন। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। তাঁর চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।"
তিনি গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়ার সঙ্গে তাঁর শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, "সেদিন তিনি অসুস্থ থাকা সত্ত্বেও খুব উৎফুল্ল ছিলেন এবং আমাদের সবার স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন। তাঁর এই উদারতা ও সবার প্রতি উদ্বেগ আমাকে মুগ্ধ করেছে।"
কৃতজ্ঞতা প্রকাশ ও সরকারি সহযোগিতা
বৈঠকে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও দলের পক্ষ থেকে সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করা এবং জানাজা ও দাফনের যাবতীয় ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি যুগের অবসান ঘটল।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের কারখানা বন্ধ দেখল ডিএসই