ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

মন্ত্রীরা আসতেই ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জুলাই ২৭ ১২:০৫:৩৭
মন্ত্রীরা আসতেই ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ব্যাংকটি থেকে প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ বা যথাযথ নোটিশ ছাড়াই অনেক কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠী ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ ও পদোন্নতি দিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানের সঙ্গে চাকরিতে পুনর্বহাল করা।

চাকরিচ্যুত কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা কর্মহীনতা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা চট্টগ্রামে একটি বড় অর্থনৈতিক ও কর্মসংস্থানমূলক উদ্যোগের উদ্বোধন করতে আসায় তারা নিজেদের দাবি সরকারের শীর্ষ পর্যায়ের দৃষ্টিতে আনতে এ কর্মসূচি পালন করেছেন।

বিক্ষোভকারীদের পক্ষে মো. এমদাদ হোসেনসহ অন্যান্যরা কর্মসূচিতে নেতৃত্ব দেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ভিআইপি সফর এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে বিক্ষোভের কারণে সিইআইজেডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ