এস আলম আমলে ৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ, দুদকের দ্বারস্থ ইসলামী ব্যাংক
৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, মো. সাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে ঋণ জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে আবেদন করেছে ব্যাংকটি।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সম্প্রতি ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকে অভিযোগটি জমা দেন।
অভিযোগে বলা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
দুদকে দেওয়া অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রাখেন। তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদনে ভূমিকা রাখেন এবং আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের দাবি, চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনাটি তদন্ত করা হয়। ওই তদন্তে ঋণ অনুমোদন ও অর্থ ব্যবস্থাপনায় বিভিন্ন অসঙ্গতি শনাক্ত হয়েছে। এসব তথ্যের ভিত্তিতেই দুদকে অভিযোগ দেওয়া হয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণের বিষয়টি দুদকের অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।