ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৮:৫৪:২৭
কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি

দীর্ঘ বিরতির পর উৎপাদনের চাকা আবার ঘুরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। প্রায় ছয় মাস উৎপাদন বন্ধ থাকার পর কার্যক্রম সচল হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টদের মতে, উৎপাদন শুরুর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা কারখানাটির কার্যক্রম নিয়ে অনিশ্চয়তাও অনেকটা দূর হয়েছে।

কারখানাটির স্বাভাবিক উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার। গ্যাসের চাপ কমে গেলে কিংবা সরবরাহ বন্ধ হলে উৎপাদনও থেমে যায়। ফলে পর্যাপ্ত গ্যাস সরবরাহ সিইউএফএলের উৎপাদন কার্যক্রম সচল রাখার অন্যতম প্রয়োজনীয় বিষয়।

আগের সক্ষমতা ছিল দিনে ১ হাজার ৭০০ টন

প্রতিষ্ঠার পর সিইউএফএলে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা ছিল। সময়ের সঙ্গে পুরোনো যন্ত্রপাতি এবং দীর্ঘদিন ব্যবহারের কারণে বিভিন্ন ইউনিটের সক্ষমতা কমেছে। এর সঙ্গে গ্যাস সংকটসহ নানা কারণে বর্তমানে কারখানাটির কার্যকর উৎপাদনক্ষমতা আগের তুলনায় কম।

এবারও দীর্ঘ সময় বন্ধ থাকার পর উৎপাদনে ফিরতে গিয়ে যন্ত্রপাতি সচল করার বিষয়টি বড় ধাপ হয়ে দাঁড়ায়। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর কারখানা চালুর উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করতে গিয়ে কারিগরি ত্রুটি ধরা পড়ে।

গ্যাস মিললেও সঙ্গে সঙ্গে চালু হয়নি

সিইউএফএল সূত্রের তথ্যমতে, গত মাসের শেষ দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর উৎপাদন পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ধাপে ধাপে অ্যামোনিয়া প্ল্যান্ট সচল করা হয়। এরপর ইউরিয়া প্ল্যান্টের বিভিন্ন যন্ত্রপাতি চালু করার কাজ এগিয়ে নেওয়া হয়।

কারখানা চালুর প্রাথমিক পর্যায়ে কয়েকটি যান্ত্রিক জটিলতা দেখা দেয়। প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে সেসব ত্রুটি কাটিয়ে ওঠেন। এরপর মঙ্গলবার সকালে ইউরিয়া উৎপাদন ইউনিট চালু করা সম্ভব হয়।

এর আগে সর্বশেষ গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর প্রায় ছয় মাস উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে।

স্বাভাবিক উৎপাদনে ফেরার আশা

সিইউএফএলের উৎপাদন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) উত্তম চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রাথমিকভাবে উৎপাদন শুরু হয়েছে। তিনি বলেন, গত মাসের শেষ দিকে গ্যাস পাওয়া গেলেও কারিগরি ত্রুটির কারণে তখনই উৎপাদনে ফেরা যায়নি। পরে ধাপে ধাপে যন্ত্রপাতিগুলো সচল করার কাজ করা হয়েছে।

উত্তম চৌধুরীর আশা, আগামীকালের মধ্যে কারখানাটি পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে স্বাভাবিক উৎপাদন অবস্থায় ফিরবে।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, প্রায় ছয় মাস পর কারখানাটি আবার উৎপাদনে এসেছে। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, নিয়মিত উৎপাদন চালু রাখা গেলে অল্প সময়ের মধ্যেই তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদী।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ