ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া, থাকছেন বিশ্বকাপজয়ীরাও

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ১৬:৫৮:১১
মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া, থাকছেন বিশ্বকাপজয়ীরাও

একটি যুগের সমাপ্তির মুহূর্ত সামনে রেখে ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বসতে যাচ্ছে বিশেষ এক ফুটবল আয়োজন। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। সেই ঐতিহাসিক মুহূর্তে গ্যালারিতে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ আনহেল ডি মারিয়া। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও ফিফা।

মেসির বিদায়ী ম্যাচে থাকার পরিকল্পনার কথা নিজেই জানিয়েছেন ডি মারিয়া। রোসারিও সেন্ট্রালের হয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ৫ অক্টোবর রেসিং ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলার পর বুয়েনস এইরেসেই থাকবেন। সেখান থেকে পরদিন সরাসরি মনুমেন্তালে গিয়ে মেসির শেষ ম্যাচটি দেখবেন তিনি।

নিজের উপস্থিতির বিষয়টি বলতে গিয়ে ডি মারিয়া বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে। ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলা রয়েছে, তাই হয়তো সেখানেই থেকে যাব। আমার পথেই পড়ে, আমি নিশ্চিতভাবেই যাব।’

মেসিকে ছাড়া নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

জাতীয় দলের জার্সিতে মেসির দীর্ঘ পথচলার পর তাকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ পথচলা সহজ হবে না বলেও মনে করেন ডি মারিয়া। আর্জেন্টিনার মানুষের পাশাপাশি বিশ্ব ফুটবলে মেসির অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, এত বছর পর তাকে ছাড়া একটি দলকে ভাবাই কঠিন।

ডি মারিয়ার বক্তব্য, ‘কাজটা বেশ কঠিন হতে যাচ্ছে। এত বছর পর আর্জেন্টিনা, আর্জেন্টিনার মানুষ এবং পুরো বিশ্বকে তিনি যা দিয়েছেন, এরপর লিওকে ছাড়া একটা দল কল্পনা করা কঠিন। তবে শেষ দিনটা আমরা সবাই উপভোগ করব।’

বিদায়ের ম্যাচে মাঠে থাকছেন পরিচিত সতীর্থরা

মেসির বিদায়ী ম্যাচটি তিন ম্যাচের সিরিজের অংশ হলেও তিনি কেবল বেনিনের বিপক্ষের প্রীতি ম্যাচেই খেলবেন। এই ম্যাচকে ঘিরে তার দীর্ঘদিনের সতীর্থদেরও মাঠে থাকার সম্ভাবনা রয়েছে। রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি এবং জিওভানি লো সেলসোর মতো খেলোয়াড়রা মেসির সঙ্গে মাঠে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে আয়োজনের বিশেষত্ব শুধু মাঠের খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্য সদস্যদেরও পরিবারসহ মনুমেন্তালে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে মেসির জাতীয় দলের বিদায়কে ঘিরে বিশ্বকাপজয়ী সতীর্থদের উপস্থিতিও এই আয়োজনের অংশ হতে যাচ্ছে।

এএফএ সভাপতি জানান, ২০২২ কাতার বিশ্বকাপে মেসির সঙ্গে খেলা সব বিশ্বজয়ীকে এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তার ভাষায়, ‘২০২২ কাতার বিশ্বকাপে তার সঙ্গে খেলা সব বিশ্বজয়ীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাতে পরিবার নিয়ে তারা এই অবিস্মরণীয় ক্ষণের অংশ হতে পারেন। প্রতিটি আর্জেন্টাইনের জন্য রাতটি চিরস্মরণীয় হয়ে থাকবে।’

৬ অক্টোবরের সেই রাতে তাই মনুমেন্তাল স্টেডিয়ামে শুধু একটি প্রীতি ম্যাচই হবে না; আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়ও লেখা হবে। আর সেই মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে থাকবেন ডি মারিয়াসহ তার বিশ্বকাপজয়ী সতীর্থদের অনেকে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ