সৌদি আরবে বেতন নিয়ে নতুন সিদ্ধান্ত, ২০২৭ থেকেই পরিবর্তন
সৌদি আরবে কর্মসংস্থান সহায়তা কর্মসূচির আওতায় বেতন নির্ধারণের নিয়মে বড় পরিবর্তন আসছে। আগামী দুই বছরে ধাপে ধাপে বাড়ানো হবে এই কর্মসূচির ন্যূনতম মজুরি। ২০২৭ সালের এপ্রিল থেকে এর পরিমাণ দাঁড়াবে ৫ হাজার সৌদি রিয়াল। এক বছর পর, অর্থাৎ ২০২৮ সালের এপ্রিল থেকে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে ৬ হাজার রিয়াল। দেশটির বেসরকারি খাতে স্থানীয় নাগরিকদের নিয়োগ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে মানবসম্পদ উন্নয়ন তহবিল (এইচআরডিএফ)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।
দুই বছরে মজুরি বাড়বে ২ হাজার রিয়াল
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান ৪ হাজার রিয়ালের ন্যূনতম মজুরি একবারে নয়, বরং দুই পর্যায়ে বাড়ানো হবে। প্রথম পরিবর্তন কার্যকর হবে ২০২৭ সালের ২৫ এপ্রিল। সেদিন থেকে কর্মসূচিতে নতুন করে যুক্ত হওয়া আবেদনকারীদের জন্য ন্যূনতম মজুরি হবে ৫ হাজার রিয়াল।
পরবর্তী পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ২৫ এপ্রিল পর্যন্ত। ওই দিন থেকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম মজুরি আরও ১ হাজার রিয়াল বাড়িয়ে ৬ হাজার সৌদি রিয়াল করা হবে।
আগে থেকেই কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিদের জন্যও দুই ধাপের পরিবর্তন প্রযোজ্য হবে। তবে তাদের ক্ষেত্রে নতুন নিয়মের সুবিধা কার্যকর হবে সংশ্লিষ্ট বছরের মে মাসের সহায়তার অর্থ থেকে। অর্থাৎ প্রথম ধাপের বর্ধিত সুবিধা পাওয়া যাবে ২০২৭ সালের মে মাসে এবং দ্বিতীয় ধাপের সুবিধা মিলবে ২০২৮ সালের মে মাসে।
বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বহন করবে এইচআরডিএফ
মজুরি বৃদ্ধির পাশাপাশি কর্মীদের বেতন পরিশোধে আর্থিক সহায়তাও অব্যাহত রাখবে মানবসম্পদ উন্নয়ন তহবিল। কর্মসূচির শর্ত পূরণকারী সৌদি নাগরিকদের মাসিক বেতনের সর্বোচ্চ অর্ধেক পর্যন্ত অর্থ দেবে সংস্থাটি।
তবে এ ক্ষেত্রে সহায়তার একটি নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। কোনো কর্মীই মাসে সর্বোচ্চ ৩ হাজার সৌদি রিয়ালের বেশি সহায়তা পাবেন না। অনুমোদিত বিধিবিধান ও নির্ধারিত যোগ্যতার শর্ত অনুসরণ করেই এই অর্থ দেওয়া হবে।
বেসরকারি খাতে সৌদি নাগরিকদের নিয়োগ বাড়ানোর পরিকল্পনা
মজুরি সহায়তার কাঠামোয় পরিবর্তন আনার পেছনে দেশটির শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে সৌদি নারী ও পুরুষের চাকরির সুযোগ সম্প্রসারণ এবং তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এইচআরডিএফ।
এ পরিকল্পনা বাস্তবায়নে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ‘নিতাকাত’ কর্মসূচির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এই কর্মসূচিতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কতজন সৌদি নাগরিক কাজ করছেন, সেই অনুপাতের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়।
মানবসম্পদ উন্নয়ন তহবিলের প্রত্যাশা, বর্ধিত মজুরি সহায়তা স্থানীয় কর্মী নিয়োগের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়াবে। এর পাশাপাশি কর্মসংস্থানে স্থিতিশীলতা তৈরি এবং দেশের মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের কার্যকারিতা বাড়াতেও উদ্যোগটি ভূমিকা রাখবে।
কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় শর্ত এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে সুবিধাভোগীদের মানবসম্পদ উন্নয়ন তহবিলের সরকারি ওয়েবসাইট দেখার আহ্বান জানানো হয়েছে।
FAQ
১. সৌদি আরবে ন্যূনতম মজুরি ২০২৭ সালে কত হবে?
২০২৭ সালের ২৫ এপ্রিল থেকে নতুন আবেদনকারীদের জন্য ন্যূনতম মজুরি হবে ৫ হাজার সৌদি রিয়াল।
২. ২০২৮ সালে ন্যূনতম মজুরি কত নির্ধারণ করা হয়েছে?
২০২৮ সালের ২৫ এপ্রিল থেকে নতুন আবেদনকারীদের জন্য ন্যূনতম মজুরি হবে ৬ হাজার সৌদি রিয়াল।
৩. বিদ্যমান আবেদনকারীরা কখন থেকে বাড়তি সুবিধা পাবেন?
প্রথম ধাপের সুবিধা ২০২৭ সালের মে মাসের সহায়তার অর্থ থেকে এবং দ্বিতীয় ধাপের সুবিধা ২০২৮ সালের মে মাসের সহায়তার অর্থ থেকে কার্যকর হবে।
৪. কর্মীদের বেতনের কত শতাংশ সহায়তা দেবে এইচআরডিএফ?
যোগ্য সৌদি কর্মীদের মাসিক বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সহায়তা দেওয়া হবে। তবে মাসিক সহায়তার সর্বোচ্চ সীমা ৩ হাজার রিয়াল।
৫. এই মজুরি বৃদ্ধির মূল উদ্দেশ্য কী?
বেসরকারি খাতে সৌদি নাগরিকদের নিয়োগ উৎসাহিত করা, তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধি করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
তানভির ইসলাম/