ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে মুনাফার চিত্র: কমেছে ৩৯ কোম্প…

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ নভেম্বর ১৬ ১০:০১:০২
চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে মুনাফার চিত্র: কমেছে ৩৯ কোম্প…

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭৬টি কোম্পানির চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় মুনাফার বড় ধরনের তারতম্য লক্ষ্য করা গেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ৩৯টি কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে, যা মোট পর্যালোচিত কোম্পানির ৫১ দশমিক ৩২ শতাংশ। বিপরীতে ৩৫টি কোম্পানির ইপিএস বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে মাত্র দুটি প্রতিষ্ঠানের আয়।

দুই অর্থ বছরের তথ্য তুলনা করলে দেখা যায়, মুনাফার ধারায় থাকা ২৬টি কোম্পানির আয় বৃদ্ধি পেলেও ২২টি কোম্পানির ইপিএস আগের তুলনায় সংকুচিত হয়েছে। এই সময়ে জেএমআই সিরিঞ্জ, পেনিনসুলা চিটাগাং ও রহিমা ফুড লোকসানের বৃত্ত ভেঙে মুনাফায় ফিরেছে। তবে উদ্বেগের বিষয় হলো, আগের বছর মুনাফায় থাকা সাতটি কোম্পানি চলতি প্রান্তিকে লোকসানের খাতায় নাম লিখিয়েছে, যার মধ্যে সিভিও পেট্রোকেমিক্যাল, খুলনা পাওয়ার এবং প্রিমিয়ার সিমেন্ট উল্লেখযোগ্য।

লোকসানের ভারে থাকা কোম্পানিগুলোর পারফরম্যান্সেও মিশ্র চিত্র দেখা গেছে। সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভী কেমিক্যাল ও সিলভা ফার্মাসহ ছয়টি কোম্পানির লোকসানের পরিমাণ আগের তুলনায় কমেছে। অন্যদিকে ১০টি কোম্পানির লোকসান উল্টো বৃদ্ধি পেয়েছে, যা সংশ্লিষ্ট খাতের ব্যবসায়িক অস্থিরতাকে নির্দেশ করছে।

ইপিএস পরিবর্তনের হার বিবেচনায় সবচেয়ে ভালো অবস্থানে আছে সোনারগাঁও টেক্সটাইল। কোম্পানিটির ইপিএস ০ দশমিক০০৫ টাকা থেকে বেড়ে ০ দশমিক ৩৩ টাকায় উন্নীত হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় ৬ হাজার ৫০০ শতাংশ প্রবৃদ্ধি। উল্টো চিত্র দেখা গেছে এসিআই ফরমূলেশনসের ক্ষেত্রে, যাদের ইপিএস ৮৮ দশমিক ১১ শতাংশ কমে ১ দশমিক ৮৫ টাকা থেকে ০ দশমিক ২২ টাকায় নেমে এসেছে।

প্রথম প্রান্তিকের এই ফলাফল শেয়ারবাজারে সামগ্রিক মুনাফার চাপকে সামনে নিয়ে এসেছে। যেসব কোম্পানি লোকসানে নিপতিত হয়েছে বা যাদের লোকসানের পাল্লা ভারি হয়েছে, বিনিয়োগকারীদের তাদের আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।

রফিকুল আলম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ