ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক ধারা থেকে পিছিয়ে দেশের শেয়ারবাজার ও শিল্পায়ন

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ নভেম্বর ১৬ ১০:১২:৫৩
বৈশ্বিক ধারা থেকে পিছিয়ে দেশের শেয়ারবাজার ও শিল্পায়ন

বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতিতে শেয়ারবাজার বড় ভূমিকা রাখলেও স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময়েও বাংলাদেশের শিল্পায়নে এই খাত কাঙ্ক্ষিত অবদান রাখতে পারেনি। অথচ স্যামসাং, মাইক্রোসফট, রিলায়েন্স ও টিএসএমসির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারের মূলধনকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা বহুগুণ প্রসারিত করেছে। দক্ষিণ কোরিয়া, ভারত বা তাইওয়ানের বাজারে বড় বড় কোম্পানি তালিকাভুক্ত হয়ে যেভাবে অর্থনৈতিক শক্তিমত্তা অর্জন করেছে, দেশের বাজার সেই তুলনায় অনেক পেছনে পড়ে রয়েছে।

দীর্ঘ এই সময়ে দেশের শেয়ারবাজারে চারশটিরও কম কোম্পানি তালিকাভুক্ত হয়েছে এবং এর অধিকাংশের মূলধন মাত্র বিশ কোটি টাকার নিচে সীমাবদ্ধ রয়েছে। গত দুই বছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোনো নতুন কোম্পানি বাজারে আসেনি। ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বড় অঙ্কের অর্থায়নের ক্ষেত্রে শেয়ারবাজারের বহুমুখী ব্যবহারের সুযোগগুলো অব্যবহৃত থেকে গেছে। ভালো মৌলভিত্তিক কোম্পানির অনুপস্থিতির কারণে সাধারণ বিনিয়োগকারীরাও কাঙ্ক্ষিত রিটার্ন বা ডিভিডেন্ড থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশ্বের সফল কোম্পানিগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, শেয়ারবাজার কেবল শেয়ার কেনাবেচার স্থান নয়, এটি শিল্পায়নের প্রধান চালিকাশক্তি। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত স্যামসাং ইলেকট্রনিকস ১৯৭৫ সালে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে আজ বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর ও প্রযুক্তিপণ্যের বাজারে শীর্ষ অবস্থান তৈরি করেছে। ২০২৫ সালে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ৩৩৩ দশমিক ৬ ট্রিলিয়ন ওন এবং পরিচালন মুনাফা হয়েছে ৪৩ দশমিক ৬ ট্রিলিয়ন ওন। গবেষণা ও উন্নয়নে তারা বিনিয়োগ করেছে প্রায় ৩৭ দশমিক ৮ ট্রিলিয়ন ওন।

১৯৮১ সালে মাত্র আড়াইশ ডলার পুঁজি নিয়ে যাত্রা শুরু করা ভারতের ইনফোসিস ১৯৯৩ সালে শেয়ারবাজারে আসার পর অভাবনীয় সাফল্য অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তিন লাখের বেশি কর্মী কর্মরত রয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছর শেষে তাদের আয় পৌঁছেছে ১৯ দশমিক ২৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে, ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় মাইক্রোসফট প্রাথমিক মূলধন হিসেবে সংগ্রহ করেছিল ছয় কোটি ১০ লাখ ডলার। বর্তমানে কোম্পানিটির বার্ষিক আয় দাঁড়িয়েছে ২৮১ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

ভারতের রিলায়েন্স ১৯৭৭ সালে আইপিওর মাধ্যমে বাজারে আসার সময় প্রস্তাবিত শেয়ারের প্রায় সাত গুণ আবেদন পেয়েছিল। একইভাবে তাইওয়ানের চিপ প্রস্তুতকারক জায়ান্ট টিএসএমসি ১৯৯৪ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যাদের ২০২৫ সালের আয় ছাড়িয়েছে ১২২ বিলিয়ন ডলার। এই আন্তর্জাতিক কোম্পানিগুলো প্রমাণ করেছে যে শেয়ারবাজারের সঠিক ব্যবহার ব্যবসা সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বহুগুণ বাড়িয়ে দেয়।

দেশে শক্তিশালী শেয়ারবাজার গড়ে তোলার প্রধান অন্তরায় হলো ভালো ও মৌলভিত্তিক কোম্পানিগুলোর অনীহা এবং উদ্যোক্তাদের ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা। দেশের অর্থনীতিকে টেকসই ও দীর্ঘমেয়াদী ভিত্তির ওপর দাঁড় করাতে হলে মানসম্মত কোম্পানিগুলোকে বাজারে আনার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সঠিক নীতিমালা ছাড়া এই খাতে কাঙ্ক্ষিত গতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।

শেয়ারবাজারের বর্তমান স্থবিরতা কাটাতে নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ করা এবং ভালো মৌলভিত্তিক কোম্পানির জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করলে তবেই দেশের বাজার বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ