ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭৬ কোম্পানির প্রথম প্রান্তিকে মিশ্র চিত্র

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ নভেম্বর ১৬ ১০:১২:৫৯
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭৬ কোম্পানির প্রথম প্রান্তিকে মিশ্র চিত্র

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭৬টি কোম্পানির চলতি ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম প্রান্তিকের অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের হতাশা তৈরি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, এই সময়ে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস কমে গেছে। বিপরীতে মুনাফা বাড়াতে পেরেছে ৩৫টি প্রতিষ্ঠান এবং দুটি কোম্পানির ইপিএস অপরিবর্তিত রয়েছে।

পর্যালোচনায় দেখা যায়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রায় ৫১ শতাংশের বেশি প্রতিষ্ঠানের ইপিএস হ্রাসের মুখে পড়েছে, যেখানে মুনাফা বাড়াতে পেরেছে প্রায় ৪৬ শতাংশ কোম্পানি। আলোচ্য প্রান্তিকে সাতটি প্রতিষ্ঠান মুনাফার ধারা থেকে ছিটকে সরাসরি লোকসানের খাতায় নাম লিখিয়েছে। এর মধ্যে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল, খুলনা পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, শার্প ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং, ফার কেমিক্যাল এবং এসিআই লিমিটেড। তবে এর উল্টো চিত্রও রয়েছে, যেখানে আগের বছর লোকসানে থাকা জেএমআই সিরিঞ্জ, পেনিনসুলা চিটাগাং ও রহিমা ফুড চলতি প্রান্তিকে মুনাফায় ফিরে স্বস্তি কিছুটা ফিরিয়ে এনেছে।

দুই অর্থ বছরের প্রথম প্রান্তিকেই মুনাফায় অবস্থান করা কোম্পানিগুলোর মধ্যে ২৬টির ইপিএস বাড়লেও কমেছে ২২টির। এছাড়া আগের তুলনায় লোকসানের মাত্রা কমাতে পেরেছে সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যাল, সাফকো স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ও সিলভা ফার্মার মতো প্রতিষ্ঠানগুলো। তবে এর উল্টো পিঠে ১০টি কোম্পানির লোকসান আরও বেড়েছে।

মুনাফার পরিমাণে ব্যাপক তারতম্যের নজিরও দেখা গেছে এই প্রান্তিকে। দুই প্রান্তিকেই মুনাফায় থাকা সোনারগাঁও টেক্সটাইলের ইপিএস শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ টাকা থেকে বেড়ে শূন্য দশমিক ৩৩ টাকায় উন্নীত হয়েছে। শতকরা হিসেবে যার প্রবৃদ্ধি সাড়ে ছয় হাজার শতাংশ। অন্যদিকে এসিআই ফরমুলেশনসের ইপিএস প্রায় ৮৮ শতাংশ কমে মাত্র ২২ পয়সায় নেমে এসেছে।

ব্যবসায়িক পারফরম্যান্সের পাশাপাশি সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বা ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বড় একটি অংশের নিরাশ করেছে। এমবি ফার্মা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বা শেয়ারপ্রতি এক টাকা ঘোষণা করলেও অন্য কোম্পানিগুলোর হার ছিল প্রতীকী। লোকসানে থাকা সত্ত্বেও বিডি থাই ফুড শূন্য দশমিক ১০ শতাংশ এবং একমি পেস্টিসাইডস শূন্য দশমিক শূন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে ইন্দো-বাংলা ফার্মা মাত্র এক পয়সা ইপিএস অর্জনের বিপরীতে শূন্য দশমিক ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেখানে বিনিয়োগকারীরা শেয়ারপ্রতি পাবেন মাত্র দেড় পয়সা। এছাড়া শেয়ারপ্রতি বড় অংকের লোকসানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়াম কোনো ডিভিডেন্ডই ঘোষণা করেনি। সামগ্রিক এই চিত্র শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানের দুর্বল মৌলিক ভিত্তি এবং বিনিয়োগকারীদের প্রকৃত প্রত্যাশার মধ্যকার বড় দূরত্বকেই সামনে নিয়ে এসেছে।

সানজিদা ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ