যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য নতুন শুল্কের পরিস্থিতি তৈরি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান এক বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ ১৬টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ প্রমাণিত হলে এসব দেশের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। দেশভেদে শুল্কের হার আলাদা হওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশের জন্য কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই নজর রয়েছে।
মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তদন্তের প্রতিবেদন বিকেলেই প্রকাশ করা হতে পারে। প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্কের প্রস্তাব দেবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।
কোন ১৬ দেশ ও অঞ্চলের পণ্য রয়েছে তদন্তের আওতায়?
যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির এই পদক্ষেপের আওতায় রয়েছে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন বাণিজ্য অংশীদার। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদার দেশগুলোর অধিকাংশকে নিয়ে এই অনুসন্ধান পরিচালনা করছে ইউএসটিআর। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারাকে ভিত্তি করে শুরু হওয়া তদন্তের মূল বিষয় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা।
মার্কিন প্রশাসনের বক্তব্য, কোনো কোনো দেশে চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে পণ্যের সরবরাহ ও প্রতিযোগিতায় প্রভাব পড়ছে। এই অভিযোগের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের সুপারিশ আসতে পারে
তদন্তের ফলাফলে সব দেশের জন্য একই শুল্কহার নির্ধারণের সুপারিশ নাও থাকতে পারে। সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, দেশগুলোর পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলাদা আলাদা শুল্কের প্রস্তাব দেওয়া হতে পারে।
তার মতে, যেসব দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা রয়েছে বলে বিবেচনা করা হবে, সেসব দেশের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুপারিশ আসতে পারে।
তবে কয়েকটি বাণিজ্য অংশীদারের ক্ষেত্রে আগের চুক্তির শর্ত বজায় রাখার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্কের সর্বোচ্চ সীমা ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ রাখার বিষয়ে আগের বাণিজ্য চুক্তির সীমা বহাল রাখতে পারে ওয়াশিংটন।
সুপ্রিম কোর্টের বাতিল করা শুল্কের বিকল্প পরিকল্পনা
নতুন শুল্ক প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের আগের একটি আইনি সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট যে শুল্ক বাতিল করেছিল, নতুন প্রস্তাবিত শুল্ক তার বিকল্প হিসেবে আরোপ করা হবে।
অর্থাৎ আগের শুল্ক বাতিল হলেও ট্রাম্প প্রশাসন নতুন আইনি কাঠামোর আওতায় আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার তদন্তকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
চীনের উৎপাদন সক্ষমতা নিয়ে আপত্তি ওয়াশিংটনের
যুক্তরাষ্ট্রের এই তদন্তে চীনের শিল্প উৎপাদন সক্ষমতা বিশেষ গুরুত্ব পেয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, চীনে অতিরিক্ত উৎপাদনের কারণে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম এবং সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন সামগ্রী বিশ্ববাজারে অতিরিক্ত পরিমাণে সরবরাহ হচ্ছে।
তবে চীন এই অভিযোগ মেনে নেয়নি। দেশটির বক্তব্য, তাদের রপ্তানি সক্ষমতা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্যেরই প্রতিফলন।
এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনা বিনিয়োগের বিষয়টিও মার্কিন তদন্তে এসেছে। যুক্তরাষ্ট্রের দাবি, চীনা প্রতিষ্ঠানগুলো এসব দেশে পণ্য উৎপাদনের মাধ্যমে আগে আরোপ করা মার্কিন শুল্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
শুল্ক প্রত্যাহারের পক্ষে ৬২ শতাংশ মার্কিন নাগরিক
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও অসন্তোষের চিত্র উঠে এসেছে। এসব শুল্কের প্রভাবে দেশটিতে ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।
নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করবেন।
এমন পরিস্থিতিতে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা মার্কিন বাণিজ্যনীতিকে আবারও আলোচনায় এনেছে। তদন্তের ফল প্রকাশের পর ইউএসটিআরের প্রস্তাব কোন দিকে যায়, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য।
বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে চূড়ান্ত শুল্কহার এখনো নির্ধারিত হয়নি। ফলে বাংলাদেশের পণ্যে নতুন করে কত শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে, তা তদন্তের ফল ও পরবর্তী মার্কিন সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
FAQ: সাধারণ জিজ্ঞাসা
১. যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক তদন্তে বাংলাদেশসহ কয়টি দেশ রয়েছে?
বাংলাদেশসহ মোট ১৬টি দেশ ও অঞ্চল এই তদন্তের আওতায় রয়েছে।
২. বাংলাদেশি পণ্যে নতুন শুল্ক কত শতাংশ হতে পারে?
বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো শুল্কহার এখনো জানানো হয়নি। সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, কিছু দেশের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের সুপারিশ আসতে পারে।
৩. যুক্তরাষ্ট্র কোন আইনের অধীনে তদন্ত করছে?
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় তদন্তটি পরিচালিত হচ্ছে।
৪. নতুন শুল্কের প্রস্তাব কেন আনা হচ্ছে?
যুক্তরাষ্ট্রের অভিযোগ, কয়েকটি দেশে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের অতিরিক্ত সরবরাহ তৈরি হচ্ছে।
৫. নতুন শুল্কের প্রস্তাব কে দেবে?
তদন্তের ফল প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্কের প্রস্তাব দেবে।
আল-মামুন/













