ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

লিবারা ইনফিউশনের অনিয়ম খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি

শেয়ার হস্তান্তর, কোম্পানির সম্পদ বিক্রি ও কারখানা বন্ধের মতো গুরুতর অভিযোগের তদন্তে লিবারা ইনফিউশন লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

তদন্তের আওতায় আনা হয়েছে কোম্পানির গত চার বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা এবং দীর্ঘ সময় ধরে আর্থিক প্রতিবেদন ও শেয়ারহোল্ডিং তথ্য জমা না দেওয়ার বিষয়টি। বিএসইসির তিন সদস্যের এই তদন্ত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ ও মোহাম্মদ আবু হেনা মোস্তফাকে নিয়ে গঠিত এই কমিটি ৩০ জুন ২০২৪ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়কালের কোম্পানির কার্যক্রম পর্যালোচনা করবে। কমিটি মূলত কোম্পানির বর্তমান আর্থিক ও ব্যবসায়িক পরিস্থিতির পাশাপাশি কারখানা বন্ধের কারণ উদঘাটন করবে।

তদন্ত কমিটি কোম্পানির পরিচালকদের শেয়ার হস্তান্তর নিয়ম মেনে হয়েছে কি না, তা যাচাই করবে। একইসঙ্গে যানবাহন, যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জামসহ স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রির ক্ষেত্রে আইন ও কর্পোরেট সুশাসনের শর্ত মানা হয়েছে কি না, তাও তদন্তের অন্তর্ভুক্ত থাকবে।

এই অনিয়মের প্রভাব সাধারণ বিনিয়োগকারী, পাওনাদার ও কর্মীদের ওপর কেমন পড়েছে, সেটিও কমিটি খতিয়ে দেখবে। এদিকে, নিয়ন্ত্রক সংস্থার এই ঘোষণার প্রভাব পড়েছে বাজারেও; ২৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ১.৫৯ শতাংশ কমে ৫১৩ টাকা ৬০ পয়সায় নেমেছে।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর