দিল্লির হয়ে প্রথম ম্যাচেই বাজিমাত মুস্তাফিজের
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি গুজরাট। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় তারা। অভিষেক ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক পান্ত। বোলিংয়ে এসে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি মুস্তাফিজ।
ইনিংসের তৃতীয় বলেই ম্যাথু ওয়েডকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই পেসার। শুরুতে অবশ্য আউট দেননি আম্পায়ার। পরবর্তীতে রিভিউ নিয়ে ওয়েডকে ফেরায় দিল্লি। এরপর দ্রুতই আউট হয়েছেন বিজয় শংকর। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন মাত্র ১৩ রানে।
এরপর অবশ্য হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিল মিলে দারুণ এক জুটি গড়েন। ২৭ বলে ৩১ রানের ইনিংস খেলে হার্দিক আউট হলে ভাঙে তাদের এই জুটি। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ৪৬ বলে ৮৪ রানে আউট হয়েছেন গিল। শেষ দিকে ডেভিড মিলার এবং রাহুল তেওয়াতিয়া মিলে দলের রান ১৭১ এ নিয়ে যান।
ইনিংসের শেষ ওভারে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তেওয়াতিয়ার সঙ্গে অভিনব মনোহর সাদরাঙ্গানিকেও আউট করেছেন বাংলাদেশের এই পেসার। মুস্তাফিজ ছাড়া খলিল আহমেদ দুটি উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।