MD. Razib Ali
Senior Reporter
বাবরকে নিয়ে কোচের কথা ১৫ বার পড়েও বোঝেননি হাফিজ!
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং অর্ডার নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। বিশেষ করে সাবেক অধিনায়ক বাবর আজমের পজিশন এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দলের প্রধান কোচ মাইক হেসন। কোচের সেই যুক্তি বুঝতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। মোহাম্মদ হাফিজ তো ১৫ বার পড়েও কোচের কথার কূল-কিনারা করতে পারেননি, আর শোয়েব আখতারের দাবি— এই ফরম্যাটটিই বাবরের জন্য নয়।
কোচের চোখে বাবর: কেন তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি?
নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ৪ বা ৫ নম্বর পজিশনে বাবরের ব্যাটিংয়ে নামার কথা থাকলেও তাকে দেখা যায়নি। এর কারণ হিসেবে প্রধান কোচ মাইক হেসন জানান, বাবর আজম এখন আর দলের জন্য ‘সেরা পছন্দ’ নন। হেসনের যুক্তি হলো, পাওয়ার প্লেতে বাবরের স্ট্রাইকরেট ১০০-এর নিচে এবং তিনি ফিনিশারের ভূমিকা পালন করতে পারছেন না। মূলত এশিয়া কাপের পর বাবরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হলেও তিনি তা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। কোচের ভাষায়, দলের কাছে এখন ফিনিশিং দেওয়ার মতো আরও কার্যকর বিকল্প রয়েছে।
হাফিজের বিস্ময়: ‘কেন তবে একাদশে বাবর?’
একটি জনপ্রিয় টিভি টকশো ‘গেম অন হ্যায়’-তে কোচের এই মন্তব্য নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন মোহাম্মদ হাফিজ। তিনি জানান, বাবরের ব্যাটিং নিয়ে কোচের ব্যাখ্যা তার মাথায় ঢোকেনি। হাফিজ বলেন, "আমি উনার (হেসন) বক্তব্য ১৫ বার পড়েও বুঝতে পারিনি যে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন।"
হাফিজের মতে, কোচ যদি দাবি করেন বাবর পাওয়ার প্লেতে খেলার যোগ্য নন এবং ১০ ওভারের পর বাবর কার্যকরী নন— তবে দলে তার কাজটা কী? বড় ভাই হিসেবে পাশে বসা শোয়েব আখতারের কাছে হাফিজ প্রশ্ন রাখেন, এমন পরিসংখ্যানের পরও বাবর কেন একাদশে টিকে আছেন?
শোয়েব আখতারের কড়া বার্তা: ‘রকেট সায়েন্স নয়’
বাবর আজমের টি-টোয়েন্টি উপযোগিতা নিয়ে এবার চরম কঠোর অবস্থান নিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার। তিনি সাফ জানিয়ে দেন, বাবরকে আগে বুঝতে হবে টি-টোয়েন্টি ফরম্যাট তার ধাচের খেলা কি না। শোয়েবের পরামর্শ, যদি বাবরকে খেলতেই হয়, তবে তাকে প্রথম ছয় ওভারেই ব্যাটিং করতে হবে। বিষয়টি খুবই সাধারণ এবং এতে কোনো ‘রকেট সায়েন্স’ নেই বলে মনে করেন তিনি। বাবরের বারবার ব্যাটিং পজিশন পরিবর্তনকে তিনি ভালো চোখে দেখছেন না।
পরিসংখ্যান বনাম বর্তমান ফর্ম
চলমান বিশ্বকাপে বাবরের ব্যাট কথা বলছে না। ৩ ম্যাচে ১১৫.৭৮ স্ট্রাইকরেটে তার সংগ্রহ মাত্র ৬৬ রান, যা কোচের করা মন্তব্যের পক্ষে প্রমাণ দেয়। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাবর এখনও শীর্ষে। ১৩৫ ইনিংসে ৩৯.০৬ গড় আর ১২৮.১৮ স্ট্রাইকরেটে তার মোট রান ৪৫৭১।
একসময়ের ভয়ংকর এই ওপেনারের ফর্মের পতন এখন কোচ এবং সাবেক ক্রিকেটারদের মধ্যে যুদ্ধের রসদ জোগাচ্ছে। বাবর কি পারবেন এই সমালোচনা উড়িয়ে নিজের চেনা রূপে ফিরতে, নাকি কোচের এই ‘কঠোর সত্য’ মেনে নিয়ে তাকে সরে দাঁড়াতে হবে— সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
তানভির ইসলাম/