Md. Mithon Sheikh
Senior Reporter
ইফতারে যে ৩ খাবার খেলে বাড়ে গ্যাস ও আলসারের ঝুঁকি
সারাদিন রোজা রাখার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে খাবার টেবিলে বসেন সবাই। দীর্ঘ সময় অনাহারে থাকার কারণে তখন ক্ষুধা তীব্র হওয়াই স্বাভাবিক। কিন্তু ঠিক এই সময়টিতেই খাবার নির্বাচনে অসাবধানতা শরীরের জন্য বিপদের কারণ হতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট খাবার খালি পেটে গ্রহণ করলে তাৎক্ষণিকভাবে অ্যাসিডিটি, পেটব্যথা কিংবা বুকে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতারের শুরুটা কী দিয়ে করছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিচে তুলে ধরা হলো—ইফতারে কোন তিন ধরনের খাবার এড়িয়ে চলা ভালো।
সাইট্রাস ফল ও সেগুলো দিয়ে তৈরি ঠান্ডা পানীয়
অনেকেই ইফতার শুরু করেন ফল দিয়ে। তবে সব ফলই যে খালি পেটে উপযোগী, তা নয়। পুষ্টিবিদদের মতে, কমলালেবু বা মুসুম্বির মতো সাইট্রাস জাতীয় ফলে প্রাকৃতিক অ্যাসিড থাকে, যা খালি পেটে গেলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করতে পারে। এতে অস্বস্তি, পেট ভারী লাগা কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে।
এ ছাড়া এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজম প্রক্রিয়াকে ধীরগতির করে দেয়। ফলে ইফতারের পর অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে।
একইভাবে, এসব ফল দিয়ে তৈরি ঠান্ডা জুস বা শরবতও এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঠান্ডা পানি বা পানীয় হজমে প্রভাব ফেলে এবং সর্দি-কাশির সমস্যাও বাড়াতে পারে।
চা ও কফি
ইফতারের পর চা বা কফি পান অনেক পরিবারের নিয়মিত অভ্যাস। কিন্তু দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ভারী খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে চা-কফি পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে।
পুষ্টিবিদরা বলছেন, এতে রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি অগ্ন্যাশয় ও যকৃতের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। তাই ইফতারের পরপরই চা-কফি পান না করে কিছুটা বিরতি নেওয়া ভালো।
অতিরিক্ত তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার
দেশীয় সংস্কৃতিতে ইফতারে পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি মাখাসহ নানা ধরনের তেলে ভাজা খাবারের জনপ্রিয়তা অনেক। তবে দীর্ঘ সময় খালি পেটে থাকার পর এ ধরনের খাবার হঠাৎ বেশি পরিমাণে খেলে গ্যাস, মাথাব্যথা, অবসাদ এমনকি আলসারের ঝুঁকিও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অতিরিক্ত তেলযুক্ত খাবার গ্রহণ করলে পেটে মেদ জমার প্রবণতা বাড়ে। পাশাপাশি দীর্ঘমেয়াদে অন্ত্রের জটিল সমস্যা তৈরি হতে পারে। গুরুতর ক্ষেত্রে আলসার কিংবা ক্যানসারের মতো রোগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
ইফতারে কী রাখবেন?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে সুষম ও সহজপাচ্য খাবারকে অগ্রাধিকার দেওয়া উচিত। যেমন—খেজুর, দই, সবজি, ইসবগুলের শরবত এবং হালকা ধরনের খাবার যা দ্রুত হজম হয়।
দীর্ঘ সময় রোজার পর শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরিয়ে আনা জরুরি। সচেতন খাবার নির্বাচনই পারে রমজানে সুস্থতা নিশ্চিত করতে।
ইসরাত জাহান/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার বিনিময় হার
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ
- মোবাইলেই নিজের জমির দাগ নম্বর বের করার নিয়ম