ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Md Razib Ali

Senior Reporter

মেসিকে ছাড়িয়ে রাফিনিয়া, সামনে শুধু রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২০ ১১:১৯:৩৫
মেসিকে ছাড়িয়ে রাফিনিয়া, সামনে শুধু রোনালদো

এক ম্যাচে তিন গোল করে শুধু বার্সেলোনার জয়ই নিশ্চিত করেননি রাফিনিয়া, নিজের নামও তুলেছেন লা লিগার একটি বিশেষ রেকর্ডের তালিকায়। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর চলতি মৌসুমে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২। একুশ শতকে লা লিগার কোনো মৌসুমের প্রথম সাত ম্যাচের হিসাবে এই গোলসংখ্যা লিওনেল মেসির কীর্তিকেও ছাড়িয়ে গেছে। এখন তাঁর সামনে রয়েছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো।

শনিবার রাতে র‍্যামন সানচেজ স্টেডিয়ামে বার্সেলোনার জন্য ম্যাচটি শুরু হয়েছিল প্রতিকূল পরিস্থিতিতে। ১৯ মিনিটে ইউসুফ ফোফানার গোলে এগিয়ে যায় সেভিয়া। কিন্তু স্বাগতিকদের সেই সুবিধা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিটের ব্যবধানেই রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে আরও দুইবার সেভিয়ার জালে বল পাঠান রাফিনিয়া। তাঁর তিন গোলেই শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

সাত ম্যাচে সাত জয়

সেভিয়াকে হারানোর মধ্য দিয়ে চলতি লা লিগায় টানা সাত ম্যাচ জয়ের ধারায় থাকল বার্সেলোনা। সাত ম্যাচ শেষে হান্সি ফ্লিকের দলের সংগ্রহ ২১ পয়েন্ট, যা তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে।

পয়েন্ট তালিকায় ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে মাদ্রিদের দলটি বার্সেলোনার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

মেসিকে ছাড়ালেও রোনালদোর রেকর্ড অক্ষত

সেভিয়ার বিপক্ষে ম্যাচটির আগে রাফিনিয়ার সামনে ছিল লা লিগার প্রথম সাত ম্যাচে গোল করার একটি উল্লেখযোগ্য মাইলফলক। হ্যাটট্রিকের পর সেই হিসাবেই মেসিকে পেছনে ফেলেছেন তিনি। অপটার তথ্য অনুযায়ী, একুশ শতকে প্রথম সাত ম্যাচে রাফিনিয়ার চেয়ে বেশি গোল করার নজির রয়েছে শুধু রোনালদোর।

২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার প্রথম সাত ম্যাচে ১৩ গোল করেছিলেন রোনালদো। সেভিয়ার বিপক্ষে আরও একটি গোল পেলে সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল রাফিনিয়ার।

কিন্তু সেই সুযোগ আর তৈরি হয়নি। ম্যাচের ৭৬ মিনিটে রাফিনিয়াকে তুলে নেন ফ্লিক। ফলে ১৩ গোলের রেকর্ডে পৌঁছানো কিংবা সেটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছাড়াই মাঠ ছাড়তে হয় তাঁকে।

দুই ম্যাচে দুই হ্যাটট্রিক

বার্সেলোনার হয়ে রাফিনিয়ার বর্তমান সময়টা যে দুর্দান্ত যাচ্ছে, তাঁর সাম্প্রতিক পরিসংখ্যানেই তার প্রমাণ মিলছে। লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচটি ছাড়া চলতি মৌসুমে প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি।

এর মধ্যে সর্বশেষ দুই ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে হ্যাটট্রিক। পাশাপাশি নাম্বার নাইনের ভূমিকাতেও নিজেকে কার্যকরভাবে মানিয়ে নিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২০৩০ পর্যন্ত বার্সায় থাকার সম্ভাবনা

মাঠের সাফল্যের পাশাপাশি ক্লাবের সঙ্গে ভবিষ্যৎ নিয়েও এগোচ্ছে রাফিনিয়ার পরিকল্পনা। বার্সেলোনার সঙ্গে তাঁর নতুন চুক্তির আলোচনা এগোচ্ছে পরিকল্পনা অনুযায়ী। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো সাধারণ সভায় জানিয়েছেন, চুক্তির বিষয়ে দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে।

নতুন চুক্তি হলে ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার কথা রাফিনিয়ার। ক্লাব ও শহরটিকে নিজের জন্য স্থায়ী ঠিকানা হিসেবেই দেখছেন তিনি। সম্প্রতি রাফিনিয়া জানিয়েছেন, বার্সেলোনার জার্সি পরেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছা রয়েছে তাঁর।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ