দুই দিনের মধ্যে ছবি সরাতে তানজিন তানজিন তিশাকে আইনি নোটিশ
ফেসবুকে প্রকাশিত ছবি ও বক্তব্য নিয়ে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ নিয়েছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়ার ছবি প্রকাশ করছেন এবং তাঁকে নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। এ ঘটনায় পাঠানো আইনি নোটিশে দুই দিনের মধ্যে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। নির্দেশ পালন না করলে মানহানিসহ বিভিন্ন আইনি প্রতিকার চাওয়ার কথা জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।
বুধবার সানায়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় ডাকযোগে নোটিশটি পাঠান। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তিনি।
পোস্ট, ছবি ও বক্তব্য নিয়ে আপত্তি
নোটিশে বলা হয়েছে, শাড়িকাণ্ডকে কেন্দ্র করে তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা হয়েছে। মামলা দুটি চলমান থাকার মধ্যেই ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড ‘Tanjin Tisha’ ফেসবুক পেজে সানায়াকে নিয়ে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি দেশের গণমাধ্যমেও ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে নোটিশে দাবি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তিশার ফেসবুক পেজ থেকে সানায়ার সব ছবি ও লেখা সরিয়ে নিতে হবে। ভবিষ্যতেও ওই পেজে তাঁর কোনো ছবি প্রকাশ না করার কথা বলা হয়েছে। অন্যথায় মানহানি, সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি প্রতিকার নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।
মেসেঞ্জারের কথোপকথনও নোটিশে
সানায়ার অভিযোগের আরেকটি অংশ ২০২৫ সালের ৭ নভেম্বরের একটি মেসেঞ্জার বার্তা ঘিরে। নোটিশ অনুযায়ী, সেদিন তিশা তাঁকে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। বার্তায় তিশা বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।’
বাদীপক্ষের দাবি, এরপর নিজের ফেসবুক পেজে সানায়ার ছবি প্রকাশের মাধ্যমে তিশা তাঁর সম্মানহানির ঘটনা ঘটিয়ে চলেছেন।
দুই নারীকে ‘বোন’ বলার বক্তব্য নিয়েও আপত্তি
তিশার একটি ফেসবুক পোস্টের ভাষা নিয়েও নোটিশে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে তিনি লিখেছিলেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’।
নোটিশে সানায়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর সঙ্গে ছবিতে থাকা অন্য নারীর বোনের সম্পর্ক নেই। সানায়া একজন ফ্যাশন ডিজাইনার, আর অপর নারী একজন নারী উদ্যোক্তা। তাঁদের মধ্যে পরিচয় রয়েছে, তবে সেই সম্পর্ককে নেতিবাচকভাবে তুলে ধরে তিশা সানায়ার মানহানি করছেন বলে অভিযোগ করা হয়েছে।
অনুমতি ছাড়া দুই শিশুর ছবি প্রকাশের অভিযোগ
তিশার ফেসবুক পোস্টে দুজন অপ্রাপ্তবয়স্কের ছবি প্রকাশের বিষয়টিও আইনি নোটিশে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, ছবি প্রকাশের আগে সানায়া কিংবা শিশু দুটির পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। নোটিশে এ ঘটনাকে সাইবার সুরক্ষা আইন ২০২৩–এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে আগের মামলাও চলমান
তিশার বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি শাড়িকাণ্ডে দায়ের করা আগের মামলার সঙ্গেও যুক্ত। ২৬ অক্টোবর সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী অভিযোগ করেন, ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে করা মামলাটি তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে তিনি তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ওই মামলায় অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এবারের নোটিশে মূল দাবি হলো, সানায়ার ছবি ও লেখা তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে তাঁর ছবি আর প্রকাশ না করা। দুই দিনের মধ্যে নির্দেশ মানা না হলে আদালতের মাধ্যমে আইনি প্রতিকার নেওয়ার কথা জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।
প্রাসঙ্গিক প্রশ্নোত্তর (FAQ)
১. তানজিন তিশাকে কেন আইনি নোটিশ পাঠানো হয়েছে?
সানায়া আনাম ওয়াফিকা চৌধুরীর অভিযোগ, অনুমতি ছাড়া তাঁর ছবি প্রকাশ ও তাঁকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে।
২. নোটিশে তিশাকে কত দিনের সময় দেওয়া হয়েছে?
নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে সানায়ার সব ছবি ও লেখা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।
৩. আইনি নোটিশটি কে পাঠিয়েছেন?
সানায়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় বুধবার ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন।
৪. শিশুদের ছবি প্রকাশ নিয়ে নোটিশে কী বলা হয়েছে?
নোটিশে অভিযোগ করা হয়েছে, দুজন অপ্রাপ্তবয়স্কের ছবি প্রকাশের আগে সানায়া বা তাঁদের পরিবারের অনুমতি নেওয়া হয়নি। এ ঘটনাকে সাইবার সুরক্ষা আইন ২০২৩–এর লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।
৫. তিশার বিরুদ্ধে আগের মামলাটি কী নিয়ে?
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে করা মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে ২৬ অক্টোবর সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ওই মামলায় তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আল-মামুন/