ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন কারা?

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ নভেম্বর ১৩ ১০:৩১:৪১
জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন কারা?

ব্যবসা শুরু, পেশাগত দক্ষতা অর্জন কিংবা উচ্চশিক্ষার খরচ মেটাতে এবার বিশেষ ঋণ সুবিধা পাচ্ছেন দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। ক্ষুদ্র ব্যবসায়ী, ভূমিহীন কৃষক, উদ্যোক্তা এমনকি অসচ্ছল শিক্ষার্থীদেরও অর্থায়নের আওতায় আনছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় একজন গ্রাহকের জন্য ঋণের সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ১০ লাখ টাকা। এর মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিতে কোনো সম্পদ বন্ধক রাখতে হবে না। গ্রাহকের কাছ থেকে বার্ষিক সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা নেওয়া যাবে।

এই সুবিধা শুধু প্রচলিত ক্ষুদ্র ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষিকাজ, হস্তশিল্প, ফ্রিল্যান্সিং, কারিগরি প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষার মতো ক্ষেত্রেও ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। নারী উদ্যোক্তা, প্রবাসফেরত কর্মী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও রয়েছে অগ্রাধিকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের সংশোধিত নীতিমালা প্রকাশ করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো সার্কুলারে ঋণ বিতরণ, যোগ্যতা, সুদের হার এবং পরিশোধের নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত হবে এই কর্মসূচি। সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এর কার্যক্রম চলবে। আয় করার সুযোগ তৈরি, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোই এই উদ্যোগের উদ্দেশ্য।

শুধু ব্যবসা নয়, প্রশিক্ষণ ও পড়াশোনার খরচেও মিলবে ঋণ

নতুন স্কিমে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ দিক। অনূর্ধ্ব ২৫ বছর বয়সী সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের জন্য ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে অভিভাবককে।

প্রশিক্ষণ শেষ করে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে কেউ পেশা কিংবা ব্যবসা পরিচালনা করতে চাইলে তার জন্যও অর্থায়নের সুযোগ থাকবে।

এ ছাড়া এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের ব্যয় মেটানো এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রে অভিভাবকের ঋণ পরিশোধের গ্যারান্টির ভিত্তিতে অর্থ বিতরণে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

কোন কোন পেশার মানুষ ঋণ পাবেন?

কৃষি ও ক্ষুদ্র ব্যবসার বাইরেও আয়নির্ভর বিভিন্ন পেশাকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। ফলে প্রাতিষ্ঠানিক চাকরির বাইরে নিজস্ব শ্রম ও দক্ষতার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, এমন অনেকেই ঋণের জন্য বিবেচিত হবেন।

যোগ্য পেশাজীবীদের মধ্যে রয়েছেন জেলে, ছুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক। ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতকারী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বাররাও এই সুবিধা পাবেন। পাশাপাশি আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকদেরও তালিকায় রাখা হয়েছে।

ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মুদি ও মনোহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ সেবাদাতা এবং মোবাইল আর্থিক সেবার এজেন্টরা আবেদন করতে পারবেন। তথ্য ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজির ব্যবসায়ীরাও থাকছেন এই তালিকায়।

কৃষি ও উৎপাদনমুখী কাজের সঙ্গে যুক্তদের মধ্য থেকে হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী এবং ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঋণ নিতে পারবেন। ফ্রিল্যান্সার ও সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগে যুক্ত ব্যক্তিদেরও অর্থায়নের সুযোগ দেওয়া হয়েছে।

তবে ঋণ পাওয়ার জন্য আবেদনকারীর নামে ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। যাদের এমন হিসাব নেই, তাদের নতুন করে হিসাব খুলতে হবে।

নারী উদ্যোক্তাদের জন্য ২৫ শতাংশ ঋণ বরাদ্দ

এই স্কিমে নারী গ্রাহকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণ বিতরণের ক্ষেত্রেও নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোট বিতরণ করা ঋণের অন্তত ২৫ শতাংশ দিতে হবে নারী গ্রাহক ও উদ্যোক্তাদের।

এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে প্রান্তিক পর্যায়ের নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা।

কৃষক ও প্রবাসী পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকার

কৃষকদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ড পাওয়া প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে ঋণের জন্য আবেদন করতে পারবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও কোনো কৃষক যাতে ঋণ পাওয়ার সুযোগ থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্যোগের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্যও রয়েছে বিশেষ বিবেচনা। নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস কিংবা কোভিড-১৯-এর মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পেশাজীবীরা অগ্রাধিকার পাবেন।

এ ছাড়া উপকূলীয় অঞ্চল, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের এই ঋণ দেওয়ার কথা বলা হয়েছে।

বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশ থেকে ফিরে আসা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরাও অগ্রাধিকার তালিকায় রয়েছেন। আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার জন্য বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এই অর্থায়ন নিতে পারবেন।

১০ লাখ টাকা ঋণের ক্ষেত্রে কী কী শর্ত?

ঋণের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা নির্ধারণ করা হলেও প্রত্যেক আবেদনকারীকে এই পরিমাণ অর্থ দেওয়া হবে না। ব্যাংককে আগে যাচাই করতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তি বা উদ্যোক্তার প্রকৃতপক্ষে কত টাকা প্রয়োজন।

জামানতের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহীতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এই সীমার মধ্যে ঋণ নিতে জমি, বাড়ি কিংবা অন্য কোনো সম্পদ বন্ধক রাখার প্রয়োজন হবে না। তবে ব্যাংক ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে।

একই সঙ্গে একাধিক ব্যক্তি মিলে ঋণ নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। দুই থেকে পাঁচজন সদস্যের একটি দল গঠন করে এই সুবিধা নেওয়া যাবে। দলভুক্ত প্রত্যেক সদস্যের ঋণের সীমা সর্বোচ্চ আট লাখ টাকা। সব সদস্যের ঋণ যোগ করে একটি দলের জন্য সর্বোচ্চ অর্থায়ন করা যাবে ৪০ লাখ টাকা।

দলগত ঋণের ক্ষেত্রে প্রত্যেক সদস্যকে ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। অর্থাৎ ঋণ পরিশোধের দায়িত্ব শুধু দলনেতা বা একজন সদস্যের ওপর থাকবে না।

ঋণ অনুমোদনের পর অর্থ সরাসরি গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করতে হবে।

৭ শতাংশের বেশি সুদ নেওয়া যাবে না

বাংলাদেশ ব্যাংক এই স্কিমে অংশ নেওয়া ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। তবে গ্রাহকের কাছ থেকে ঋণের বিপরীতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা আদায় করা যাবে।

ঋণের পুরো অনুমোদিত অর্থের পরিবর্তে যে টাকা গ্রাহকের কাছে বকেয়া থাকবে, সেই অংশের ওপর সুদ বা মুনাফা হিসাব করতে হবে।

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের অনুমোদিত নিজস্ব পদ্ধতি অনুসরণ করে অর্থায়ন করতে পারবে। তবে এসব ব্যাংকও গ্রাহকের কাছ থেকে বছরে ৭ শতাংশের বেশি মুনাফা নিতে পারবে না।

ঋণ পরিশোধে ছয় মাস বিরতি, সর্বোচ্চ সময় পাঁচ বছর

ঋণ পাওয়ার পরপরই কিস্তি পরিশোধ শুরু করতে হবে না। গ্রাহককে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়ার সুযোগ রয়েছে। এই সময়সহ ঋণ পরিশোধের মেয়াদ কোনোভাবেই পাঁচ বছর বা ৬০ মাসের বেশি হবে না।

গ্রেস পিরিয়ড শেষ হলে ব্যাংকগুলো সাধারণত প্রতি তিন মাস অন্তর কিস্তি আদায় করবে। এসব কিস্তির মধ্যে ঋণের আসল অর্থের পাশাপাশি সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত থাকবে।

তবে কিস্তি আদায়ের ব্যবধান নির্ধারণে বিকল্পও রয়েছে। ব্যাংক চাইলে মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক ভিত্তিতেও অর্থ আদায় করতে পারবে।

আগের ঋণ খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা

আবেদনকারীর আর্থিক অবস্থার পাশাপাশি আগের ঋণের রেকর্ডও যাচাই করবে ব্যাংক। কোনো ঋণখেলাপি এই স্কিমের আওতায় নতুন করে অর্থায়ন পাবেন না।

একইভাবে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রকল্প, পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির সুবিধায় আগে নেওয়া ঋণ সমন্বয় না করলে সংশ্লিষ্ট গ্রাহক নতুন ঋণের জন্য যোগ্য হবেন না।

তবে ঋণ যাচাইয়ের একটি ক্ষেত্রে গ্রাহকদের জন্য ফি মওকুফের নির্দেশনা রয়েছে। তিন লাখ টাকা পর্যন্ত ঋণের আবেদন যাচাইয়ের সময় সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো ফি নেওয়া যাবে না।

ব্যাংক থেকে মোবাইল আর্থিক সেবা—সব মাধ্যমেই বিতরণ করা যাবে

গ্রাহকের কাছে ঋণ পৌঁছানো এবং কিস্তি সংগ্রহের জন্য ব্যাংকগুলোকে একাধিক চ্যানেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। নিজস্ব শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, অনলাইন এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও এসব কাজ করা যাবে।

এজেন্ট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া সম্ভব। তবে ঋণ প্রক্রিয়াকরণের অজুহাতে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

ঋণের টাকা যে কাজে ব্যবহারের কথা, বাস্তবে সেই কাজেই ব্যয় হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে ব্যাংকগুলোকে। এ জন্য নিয়মিত তদারকির ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

প্রতি তিন মাসে ঋণ বিতরণ ও আদায়ের হিসাব তৈরি করে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে পাঠাতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সরেজমিনে গিয়ে ঋণ কার্যক্রম পরিদর্শন করতে পারবে।

এই স্কিমে অংশগ্রহণের জন্য আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সঙ্গে চুক্তি করতে হবে। পাশাপাশি ঋণের আসল ও সুদ বা মুনাফা ফেরত দেওয়ার নিশ্চয়তা হিসেবে আলাদা ডিপি নোট জমা দিতে হবে ব্যাংকগুলোকে।

FAQ

১. বাংলাদেশ ব্যাংকের নতুন স্কিমে সর্বোচ্চ কত টাকা ঋণ পাওয়া যাবে?

একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন।

২. জামানত ছাড়া কত টাকা ঋণ পাওয়া যাবে?

পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত লাগবে না। তবে ব্যাংক সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে।

৩. শিক্ষার্থীরা কোন কাজে ঋণ নিতে পারবেন?

অনূর্ধ্ব ২৫ বছর বয়সী সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, উচ্চশিক্ষা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্য ঋণ নিতে পারবেন।

৪. ঋণের সুদের হার কত?

গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ।

৫. ঋণ পরিশোধের জন্য কত সময় পাওয়া যাবে?

সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের মেয়াদ পাঁচ বছর বা ৬০ মাস।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ