প্রাথমিক শিক্ষার প্রশাসনিক দুর্বলতা দূর করা, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি ও পুষ্টি নিশ্চিত করা এবং শিক্ষার বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলার বিষয়ে নতুন করে গুরুত্ব দিচ্ছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ, বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, শিক্ষা কর্মকর্তাদের বদলির প্রয়োজনীয়তা যাচাই এবং শিশু কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব প্রস্তাব উঠে আসে। কমিটির সভাপতি সংসদ সদস্য মাহমুদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীতে সিদ্ধান্তগুলোর বিস্তারিত তুলে ধরা হয়েছে।
শিক্ষার বাইরে থাকা ৪ কোটি মানুষকে নিয়ে পাঁচ বছরের পরিকল্পনা
প্রাথমিক শিক্ষার গণ্ডির বাইরে থাকা জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে বৈঠকে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে ঝরে পড়া ও শিক্ষার সুযোগবঞ্চিত প্রায় ৪ কোটি মানুষকে দক্ষ করে তোলার পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।
এ জন্য আগামী ৫ বছরে অন্তত ৫০ লাখ মানুষকে দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ কাজে প্রয়োজনে সহযোগিতা করতে সংসদীয় কমিটি প্রস্তুত রয়েছে বলে সদস্যরা একমত হয়েছেন।
বিদ্যালয় পরিচালনায় জনবল ও প্রশাসনিক পরিবর্তনের প্রস্তাব
প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও ব্যবস্থাপনা সচল রাখতে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো আর খালি না রাখার ওপর জোর দিয়েছে কমিটি। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা পর্যায়ের শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের কর্মস্থল পরিবর্তনের বিষয়টিও পর্যালোচনার প্রস্তাব এসেছে। যেসব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীর্ঘ সময় ধরে একই জায়গায় দায়িত্ব পালন করছেন, তাঁদের প্রশাসনিক প্রয়োজনে অন্যত্র পদায়ন করা প্রয়োজন কি না, তা যাচাই করতে বলা হয়েছে। যাচাইয়ের ভিত্তিতে প্রয়োজনীয় বদলির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
শিশুদের খাবার, পুষ্টি ও নৈতিক শিক্ষায় গুরুত্ব
বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু থাকা ফিডিং কার্যক্রমের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিটি। শুধু খাবার সরবরাহ নয়, এর গুণগতমান এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করার বিষয়টিও যথাযথভাবে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।
শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিক বিকাশের বিষয়টিও আলোচনায় এসেছে। এ জন্য দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার সুযোগ বাড়ানো এবং তা বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন কমিটির সদস্যরা।
এ ছাড়া যেসব শিশু সুবিধাবঞ্চিত কিংবা ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে, তাদের শিক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম শক্তিশালী করতে শিশু কল্যাণ ট্রাস্টের বাজেট বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
ল্যাপটপের ব্যবহার ও ডিজিটাল নজরদারির হিসাব চাওয়া হয়েছে
প্রাথমিক শিক্ষার ব্যবস্থাপনায় বিতরণ করা প্রযুক্তিগত সরঞ্জামের কার্যকারিতা যাচাই করতে চায় সংসদীয় কমিটি। এ বিষয়ে 'ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম'-এর কাজের পরিধি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া আগে বিতরণ করা ল্যাপটপের মধ্যে বর্তমানে কতগুলো সচল রয়েছে, সেই হিসাবও চাওয়া হয়েছে। ল্যাপটপ ও অন্যান্য যন্ত্রপাতি বিতরণের পর সেগুলোর অবস্থান ও ব্যবহার পর্যবেক্ষণে কী ধরনের ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা কার্যকর রয়েছে, তাও প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়নে তদারকির প্রস্তাব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর, দপ্তর ও সংস্থাগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। বরাদ্দ বাস্তবায়নে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে তদারকির সুপারিশ করা হয়েছে।
শুধু বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে বাস্তবে বিদ্যালয়গুলোর অবস্থা পর্যবেক্ষণের পরামর্শও দিয়েছেন সদস্যরা। এ জন্য কমিটির প্রত্যেক সদস্যকে ক্লাস চলাকালে বিভিন্ন সময়ে সরাসরি বিদ্যালয় পরিদর্শন করতে বলা হয়েছে।
সভা সম্পর্কে সভাপতি মাহমুদা হাবিবা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পাঠকের সাধারণ প্রশ্ন (FAQ)
১. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ নিয়ে কী সুপারিশ এসেছে?
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুততম সময়ের মধ্যে পূরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
২. আগামী ৫ বছরে কত মানুষকে দক্ষ করার পরিকল্পনা রয়েছে?
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
৩. দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা শিক্ষা কর্মকর্তাদের কী হবে?
তাঁদের অন্যত্র বদলি করা প্রয়োজন কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
৪. শিশুদের ফিডিং কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত এসেছে?
খাবারের গুণগতমান বজায় রাখা এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৫. শিশু কল্যাণ ট্রাস্টের বাজেট কেন বাড়ানোর সুপারিশ করা হয়েছে?
সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য বাজেট বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
আল-মামুন/














