ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নিরাপত্তা গোয়েন্দায় ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের ঘোষণা দিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানে একসঙ্গে ৭৪৬ জন জনবল নেওয়া হবে। নিয়োগের পরিধিতে রয়েছে ১৭ ধরনের পদ। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পাস থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্যও সুযোগ রাখা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ ডিসেম্বর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

এই নিয়োগে নারী ও পুরুষ উভয়েই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। পদভেদে বেতন গ্রেড ৯ থেকে ২০ এবং বেতনস্কেল ২০,০০০ টাকা থেকে ১,০৫,৯০০ টাকা পর্যন্ত।

উচ্চশিক্ষিতদের জন্য কোন পদগুলো

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য নিয়োগে রয়েছে একাধিক পদ। এর মধ্যে সহকারী পরিচালক পদে সবচেয়ে বেশি উচ্চপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এ ছাড়া প্রকৌশল ও কম্পিউটার-সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের জন্য রয়েছে বিশেষায়িত পদ।

সহকারী পরিচালক: ১৫৮ জন নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড ৯, স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরাও যোগ্য হবেন। কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক।

টেলিফোন ইঞ্জিনিয়ার: একটি পদে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড ৯ এবং স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে।

সহকারী প্রোগ্রামার: একটি পদে নিয়োগের জন্য কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি প্রয়োজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে বেতন গ্রেড ৯ এবং স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

ফিল্ড অফিসার: ৯৩টি পদে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাও প্রয়োজন। বেতন গ্রেড ১০, স্কেল ৩২,০০০-৭৭,৩০০ টাকা। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি এবং নারীর ৫ ফুট হতে হবে। উভয় প্রার্থীর বুকের মাপ (সম্প্রসারিত) ৩০-৩২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।

কম্পিউটার ও অফিস ব্যবস্থাপনায় নিয়োগ

অফিসের দাপ্তরিক কাজ, হিসাব ব্যবস্থাপনা এবং কম্পিউটার পরিচালনার জন্যও জনবল নেবে এনএসআই। এসব পদে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাধ্যতামূলক।

কম্পিউটার অপারেটর: আটটি পদে নিয়োগের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। ডিগ্রিটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে। বেতন গ্রেড ১৩ এবং স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: তিনটি পদে প্রার্থী নেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। এ পদের বেতন গ্রেড ১৩, স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অ্যাকাউনট্যান্ট-কাম-ক্যাশিয়ার: সাতটি পদে নিয়োগের জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বেতন গ্রেড ১৩ এবং স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ২০টি পদে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বেতন গ্রেড ১৪, স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪টি পদে জনবল নেওয়া হবে। স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বেতন গ্রেড ১৬ এবং স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

কারিগরি ও বিশেষ দক্ষতার পদে সুযোগ

শিক্ষাগত সনদের পাশাপাশি নির্দিষ্ট কাজের প্রশিক্ষণ, অভিজ্ঞতা কিংবা যন্ত্রপাতি পরিচালনার জ্ঞান প্রয়োজন এমন কয়েকটি পদও রয়েছে এবারের নিয়োগে।

কম্পিউটার টেকনিশিয়ান: একটি পদে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্সের সার্টিফিকেট এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকা আবশ্যক। বেতন গ্রেড ১৪, স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

ফটোগ্রাফার: দুটি পদে প্রার্থী নেওয়া হবে। যোগ্যতার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের ক্যামেরা চালানো এবং ফটোগ্রাফির ওপর প্রশিক্ষণ থাকতে হবে। বেতন গ্রেড ১৪, স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

ওয়্যারলেস অপারেটর: ২৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি সম্পর্কে মৌলিক জ্ঞানের পাশাপাশি বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলি জানতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাও প্রয়োজন। বেতন গ্রেড ১৫ এবং স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা।

ডার্করুম অ্যাসিসট্যান্ট: একটি পদে নিয়োগের জন্য এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তবে শুধু শিক্ষাগত সনদ থাকলেই হবে না; ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন গ্রেড ১৮, স্কেল ২১,০০০-৫০,৯০০ টাকা।

মাঠপর্যায়ের কাজ ও যানবাহন পরিচালনায় পদ

মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য ফিল্ড স্টাফ এবং দাপ্তরিক পরিবহন ও বার্তা পৌঁছে দেওয়ার কাজে গাড়িচালক ও ডেসপ্যাচ রাইডার নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

ফিল্ড স্টাফ: এবারের নিয়োগে সবচেয়ে বেশি ২৮৮ জন নেওয়া হবে এই পদে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ হবে। তবে শারীরিক যোগ্যতার নির্দিষ্ট শর্ত রয়েছে। পুরুষদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট হতে হবে। উভয়ের বুকের মাপ (সম্প্রসারিত) ৩১-৩৩ ইঞ্চি হতে হবে। বেতন গ্রেড ১৭ এবং স্কেল ২১,৪০০-৫১,৯০০ টাকা।

গাড়িচালক: ১২টি পদে নিয়োগের জন্য জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন। বেতন গ্রেড ১৬, স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।

ডেসপ্যাচ রাইডার: দুটি পদে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। মোটরসাইকেল চালানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া বৈধ লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন। বেতন গ্রেড ১৮, স্কেল ২১,০০০-৫০,৯০০ টাকা।

অফিস সহায়ক পদে ৭৬ জন নিয়োগ

অফিস সহায়ক পদে ৭৬ জনকে নেওয়া হবে। এ ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন গ্রেড ২০ অনুযায়ী এ পদের বেতনস্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়স ও আবেদন ফি কত

নিয়োগে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে তিনটি নির্দিষ্ট পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদগুলো হলো সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

আবেদন ফি এক রকম নয়। পদের ধরন অনুযায়ী প্রার্থীকে ৫০, ১০০ অথবা ২০০ টাকা দিতে হবে।

যেভাবে অনলাইনে আবেদন করবেন

এনএসআইয়ের নিয়োগে অংশ নিতে আগ্রহীদের টেলিটকের অনলাইন আবেদন পোর্টাল ব্যবহার করতে হবে। সেখানে নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিতে হবে। ফরম পূরণের প্রক্রিয়ায় নির্দেশনা অনুযায়ী নিজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদন গ্রহণ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। শেষ সময় ২৩ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা, শারীরিক শর্ত এবং অন্যান্য শর্ত মিলিয়ে নেওয়া প্রয়োজন।

FAQ

১. এনএসআইতে কয়টি পদে নিয়োগ দেওয়া হবে?

মোট ১৭টি ক্যাটাগরিতে ৭৪৬ জন নিয়োগ দেওয়া হবে।

২. এনএসআই চাকরির আবেদন কবে শুরু ও শেষ?

আবেদন শুরু ৩ ডিসেম্বর এবং শেষ হবে ২৩ ডিসেম্বর।

৩. এসএসসি পাসে এনএসআইতে কোন পদে আবেদন করা যাবে?

এসএসসি বা সমমানের যোগ্যতায় ফিল্ড স্টাফ, ডার্করুম অ্যাসিসট্যান্ট ও অফিস সহায়ক পদে আবেদন করা যাবে।

৪. এনএসআইতে সর্বোচ্চ বেতন কত?

সহকারী পরিচালক, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী প্রোগ্রামার পদে বেতনস্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

৫. এনএসআই নিয়োগে আবেদন ফি কত?

পদ অনুযায়ী ৫০, ১০০ ও ২০০ টাকা।

তানভির ইসলাম/

সবচেয়ে বেশি পড়া

চাকরির সংবাদের আরও খবর

সব খবর