ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক মূলধন পুনর্গঠনে শেয়ার কেনার সময়সীমা শিথিল করল বিএসইসি

তালিকাভুক্ত ব্যাংকের মূলধন পুনর্গঠন প্রক্রিয়া সহজ করতে নির্দিষ্ট কিছু বিনিয়োগকারীকে নিষিদ্ধ সময়ে শেয়ার কেনাবেচার নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ২৬ নভেম্বর বিএসইসি চেয়ারম্যান মাসুক খানের স্বাক্ষরে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, কোনো ব্যাংকের স্পন্সর, পরিচালক বা অন্য কোনো শেয়ারহোল্ডার নির্দিষ্ট সময়ে শেয়ার কিনতে পারবেন, যদি বাংলাদেশ ব্যাংক তাদের কোনো ব্যাংকবহির্ভূত বা অতিরিক্ত শেয়ার ধারণের অনুমতি দেয়।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ১৪এ(১) অনুযায়ী সাধারণ পরিস্থিতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারে না, অন্যদিকে ইনসাইডার ট্রেডিং বিধিমালা অনুযায়ী আর্থিক প্রতিবেদন প্রকাশের আগের নির্দিষ্ট সময়ে শেয়ার লেনদেন নিষিদ্ধ থাকে।

এই নিয়মের ফলে তালিকাভুক্ত ব্যাংকের আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্ববর্তী দুই মাস এবং প্রতিবেদন চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্পন্সর ও পরিচালকদের শেয়ার কেনাবেচা বন্ধ থাকে, যা মূলধন পুনর্গঠনে বাধা সৃষ্টি করছিল।

বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে এই ছাড়ের অপব্যবহার রোধে দুটি সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

অনুমতি পাওয়া যোগ্য বিনিয়োগকারীদের ঘোষণা আসার ৩০ দিনের মধ্যে শেয়ার ক্রয় সম্পন্ন করতে হবে এবং সংগৃহীত এই সমস্ত শেয়ার ক্রয়ের তারিখ থেকে এক বছর লক-ইন বা অবরুদ্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে নেওয়া এই বিশেষ পদক্ষেপ শেয়ারবাজারের মূলধন পুনর্গঠন কার্যক্রমকে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর