মালয়েশিয়া প্রবাসীদের জন্য নতুন বার্তা
মালয়েশিয়ায় পর্যটন বা সামাজিক সুরক্ষা ভিসার আড়ালে যারা অবৈধভাবে কর্মসংস্থানে লিপ্ত হচ্ছেন, তাদের ধরতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে দেশটির সরকার। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় সাড়ে ৫৪ হাজার নাগরিক বর্তমানে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের রাডারে রয়েছেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের নমনীয়তা না দেখানোর জন্য নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দিয়েছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
গত শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান যোগাযোগমন্ত্রী ও সরকারি মুখপাত্র ফাহমি ফাজিল।
অভিবাসন আইনের জালে ৫৪ হাজার বিদেশি
সরকারি তথ্যমতে, মালয়েশিয়ার অভিবাসন আইন অমান্য করে অবৈধভাবে কাজ করার দায়ে এ পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে দেশজুড়ে পরিচালিত চিরুনি অভিযানে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের এই ধারাবাহিকতা নতুন বছরেও অব্যাহত রয়েছে; যার ফলে ২০২৬ সালের জানুয়ারি মাসেই আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর কড়া বার্তা: 'ছাড় দেওয়া হবে না'
সংবাদ সম্মেলনে ফাহমি ফাজিল জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তার স্পষ্ট নির্দেশ—ভিসা সহজীকরণের সুযোগ নিয়ে যারা মালয়েশিয়ায় প্রবেশ করে পরবর্তীতে নিয়ম ভেঙে চাকরিতে যোগ দিচ্ছেন, তাদের কোনো প্রকার ক্ষমা করা হবে না। পর্যটন ভিসার অপব্যবহার রুখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তল্লাশি ও নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই সাঁড়াশি অভিযান?
মালয়েশিয়া সরকারের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রচুর বিদেশি পর্যটক হিসেবে দেশটিতে প্রবেশ করলেও তাদের আসল উদ্দেশ্য থাকে গোপনে কাজ করা। এটি দেশটির বিদ্যমান অভিবাসন ও শ্রম আইনের সরাসরি লঙ্ঘন। এই প্রবণতা বন্ধ করতে ভবিষ্যতে আরও কঠোর ও নিয়মিত অভিযানের পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। বিশেষ করে যারা ভিসা জালিয়াতি বা অপব্যবহারের মাধ্যমে দেশটিতে অবস্থান করছেন, তাদের ওপর সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে।
মালয়েশিয়া সরকারের এই অনড় অবস্থানের কারণে এখন চরম সংকটে পড়েছেন অবৈধভাবে কর্মরত হাজার হাজার বিদেশি শ্রমিক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিবাসন আইন সমুন্নত রাখতে ভবিষ্যতেও এই ধরনের তল্লাশি অব্যাহত থাকবে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার বিনিময় হার
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ