অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেস্ট দলে যারা থাকছেন
অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার প্রকাশিত ১৫ সদস্যের এই স্কোয়াডে নেতৃত্বের দায়িত্বে আছেন নাজমুল হোসেন শান্ত, তাকে সহায়তা করবেন সহ-অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সফরের প্রস্তুতি হিসেবে আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে টাইগাররা। মূল সিরিজ শুরুর আগে দলটি একটি প্রস্তুতি ম্যাচও খেলবে — ৬ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিরিজের সূচি অনুযায়ী, প্রথম টেস্টটি মাঠে গড়াবে ১৩ আগস্ট, ভেন্যু ডারউইন। এরপর সিরিজের সমাপ্তি টানবে দ্বিতীয় ও শেষ টেস্ট, যা অনুষ্ঠিত হবে ম্যাকাইতে, আগামী ২২ আগস্ট থেকে।
দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণ স্পষ্ট। ওপেনিংয়ে আছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম ও তানজিদ হাসান, মিডল অর্ডারের দায়িত্বে থাকছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান ও উইকেটরক্ষক জাকের আলী। বোলিং আক্রমণে আছেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসানের মতো নাম।
প্রথম টেস্টের জন্য ঘোষিত পূর্ণ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।
সাব্বির /