১০ বছর ধরে নিখোঁজ, ডায়েরিতে লেখা এক শব্দেই মিলল হদিস
ডায়েরির পাতায় লেখা একটি মাত্র শব্দ। আর সেই একটি শব্দের সূত্র ধরেই ১০ বছর ধরে নিখোঁজ থাকা এক প্রবীণ ব্যক্তির সন্ধান পেল পুলিশ। এরপর ঘটল দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান—পরিবারের সঙ্গে পুনর্মিলন হলো শ্যাম সিংয়ের।
শ্যাম সিং ভারতের উত্তর প্রদেশের ফারুকাবাদের বাসিন্দা। মানসিক অসুস্থতার কারণে প্রায় ১০ বছর আগে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
গত এক দশক ধরে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার তাড়ি ও মাঝখালি এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন শ্যাম সিং। স্থানীয় বাসিন্দারা তাকে চিনলেও তার প্রকৃত পরিচয় জানতেন না।
মাঝখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিনোদ ফার্ডিয়াল কয়েক বছর ধরে ওই বৃদ্ধকে জরাজীর্ণ অবস্থায় এলাকায় ঘুরে বেড়াতে দেখছিলেন। দীর্ঘদিন ভবঘুরে জীবনযাপন এবং তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কারণে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল।
পুলিশ একাধিকবার তার পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করলেও তিনি কিছু বলতে পারতেন না। একপর্যায়ে কোনো বড় সাফল্যের আশা না করেই তার হাতে একটি কলম ও ডায়েরি তুলে দেওয়া হয়।
ডায়েরি হাতে নিয়ে প্রথমে চুপ ছিলেন শ্যাম সিং। হঠাৎ তিনি একটি শব্দ লিখলেন—‘রাজেপুর’।
এই একটি শব্দই খুলে দেয় ১০ বছরের নিখোঁজ জীবনের রহস্যের দরজা।
‘রাজেপুর’ শব্দটি পাওয়ার পর আলমোড়া পুলিশ দ্রুত উত্তর প্রদেশের ফারুকাবাদের রাজেপুর থানায় যোগাযোগ করে। শ্যাম সিংয়ের ছবি পাঠানো হলে সেখানকার পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। জানা যায়, তিনি ফারুকাবাদের রাজেপুর রাঠৌড়ী গ্রামের বাসিন্দা।
এরপর দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
উত্তরাখণ্ড পুলিশের ফোন পাওয়ার পর দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটে শ্যাম সিংয়ের পরিবারের। খবর পেয়েই স্বজনেরা আলমোড়ার মাঝখালি পুলিশ ফাঁড়িতে ছুটে যান।
দীর্ঘ এক দশক পর বাবাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শ্যাম সিংকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আন্তরিক প্রচেষ্টার জন্য আলমোড়া ও উত্তরাখণ্ড পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
একটি কলম, একটি ডায়েরি আর মাত্র একটি শব্দ—‘রাজেপুর’। আর তাতেই ১০ বছরের বিচ্ছেদের পর আপনজনদের কাছে ফিরে গেলেন শ্যাম সিং।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ