ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন নয়, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৯:৫৭:৪৭
২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন নয়, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অনলাইনে অর্থ পাঠানো বা পেমেন্ট করার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কার্যক্রম চালানো ২২টি প্ল্যাটফর্ম শনাক্ত হওয়ার পর এসব মাধ্যমে আর্থিক লেনদেন না করতে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জারি করা সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে লাইসেন্সবিহীন পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়ার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো শনাক্ত করেছে।

বাংলাদেশ ব্যাংকের তালিকায় যে ২২ প্ল্যাটফর্ম

কেন্দ্রীয় ব্যাংকের শনাক্ত করা প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তায় এসব প্ল্যাটফর্মকে লাইসেন্সবিহীন হিসেবে উল্লেখ করে সাধারণ মানুষকে এগুলোর মাধ্যমে অর্থ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অনুমোদন ছাড়া পেমেন্ট সেবায় আইনি বাধা

পেমেন্ট সেবা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন থাকা বাধ্যতামূলক। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এ এ বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে।

আইনের ৪(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা কিংবা পরিশোধ সেবা দিতে পারে না। অর্থাৎ, অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ আইনে রাখা হয়নি।

শুধু নিষেধাজ্ঞাই নয়, এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধানও রয়েছে। একই আইনের ৩৭(১) ধারায় সংশ্লিষ্ট অপরাধের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে।

লেনদেনের আগে যে বিষয়টি যাচাই করতে বলছে কেন্দ্রীয় ব্যাংক

ডিজিটাল মাধ্যমে অর্থ লেনদেনের সময় অনেক ক্ষেত্রে গ্রাহকের প্রধান নজর থাকে পেমেন্ট সম্পন্ন হচ্ছে কি না, তার ওপর। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, এর পাশাপাশি যে প্রতিষ্ঠানটির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, সেটি অনুমোদিত কি না—সেটিও নিশ্চিত হওয়া প্রয়োজন।

লাইসেন্স নেই এমন কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ লেনদেন করলে গ্রাহকের আর্থিক ক্ষতি হতে পারে। এর সঙ্গে আইনি জটিলতায় পড়ার আশঙ্কাও রয়েছে।

কষ্টার্জিত অর্থের নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ

বাংলাদেশ ব্যাংকের মূল পরামর্শ হলো, অনুমোদনহীন প্ল্যাটফর্মে অর্থ লেনদেন না করা। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এতে একদিকে গ্রাহকের অর্থের সম্ভাব্য ঝুঁকি কমানো সম্ভব হবে, অন্যদিকে এ ধরনের লেনদেন থেকে তৈরি হতে পারে এমন আইনি জটিলতাও এড়ানো যাবে।

এ কারণে অনলাইন পেমেন্ট ব্যবহারের আগে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের বৈধ অনুমোদন আছে কি না যাচাই করার ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে শনাক্ত করা ২২টি লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত: