সমাপ্ত অর্থ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নিট মুনাফা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৫ কোটি টাকায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, এক্সচেঞ্জের বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অর্থাৎ শেয়ারপ্রতি ২৫ পয়সা ডিভিডেন্ড সুপারিশ করেছে, যা আগের অর্থ বছরে ছিল ১.৭ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, ঘোষিত ডিভিডেন্ড এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নিকুঞ্জের ডিএসই টাওয়ারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য অর্থ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ২৫ পয়সায় উন্নীত হয়েছে, যা আগের অর্থ বছরে ১৭ পয়সা ছিল। এছাড়া জুন শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ প্রবাহ ঋণাত্মক ১ পয়সা হয়েছে।
বাজারের রাজনৈতিক অস্থিরতা ও সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে শেয়ার লেনদেন ফি, লিস্টিং চার্জ, ডাটা বিক্রি এবং ট্রেনিং একাডেমি থেকে প্রধান রাজস্ব প্রবাহ কিছুটা চাপে ছিল। তবে ফিক্সড ডিপোজিট রিসিট (এফডিআর) ও বন্ড বিনিয়োগের সুদ থেকে প্রায় ১০০ কোটি টাকা এবং ভাড়াবাবদ ১০ কোটির বেশি আয় হওয়ায় এক্সচেঞ্জটি মুনাফার ধারা বজায় রাখতে সক্ষম হয়।
ডিএসইর একজন স্বাধীন পরিচালক জানান, শেয়ারবাজারের স্থবির পরিস্থিতিতে শেয়ার লেনদেনের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং নতুন আর্থিক পণ্যের ঘাটতি মূল আয়কে বরাবরই সীমিত রাখছে। বিগত বছরগুলোতে মুনাফার গ্রাফ ওঠানামা করেছে এবং ২০২১ সালে মুনাফা ১১৬ কোটি টাকা থেকে কমে সাম্প্রতিক সময়ে ভিন্ন মাত্রায় অবস্থান করছে।
এর পাশাপাশি আরও কয়েকটি ব্যাংকে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, যার মধ্যে কিছু ব্যাংক মার্জার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
উল্লেখ্য, ডিএসইর পরিশোধিত মূলধন ১ হাজার ৮০৩ কোটি টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১৮০ কোটি ৩৮ লাখ। ডেমোচ্যুয়ালাইজড স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী ব্রোকারেজ হাউসগুলোর হাতে ৭৫ শতাংশ এবং চীনা কনসোর্টিয়ামের হাতে ২৫ শতাংশ কৌশলগত শেয়ার রয়েছে।










