শাস্তি পেলেন সোহান
মঙ্গলবার স্বাগতিক সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে ১২ রানের জয় পেয়েছিলেন নুরুল সোহানরা। ম্যাচে সিলেটের ইনিংসের ১৪তম ওভারে সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিং হন অধিনায়ক রবি বোপারা। বলটি বোপারার ব্যাট ফাঁকি দিয়ে সোহানের প্যাডে লেগে আঘাত হানে স্ট্যাম্পে।
বল স্ট্যাম্পে লাগার পর তৎক্ষণাৎ জোরালো আবেদন করেন সোহান। কিন্তু থার্ড আম্পায়ারের সিগনাল দিতে খানিক দেরি করেন স্কয়ার লেগ আম্পায়ার মোজাহিদুজ্জামান। তখন ধৈর্য্যহারা হয়ে বেশ রাগী ভঙ্গিতেই স্কয়ার লেগ আম্পায়ারকে থার্ড আম্পায়ারের কাছে যাওয়ার জন্য একপ্রকার নির্দেশই দেন সোহান।
বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ অনুচ্ছেদের আওতায় লেভেল-১ হিসেবে আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচনা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। তাই শাস্তি ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সোহানকে।
বরিশালের উইকেটরক্ষক নিজের ভুল মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।