ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

একাদশে ভর্তির আগে জেনে নিন নতুন নিয়ম, এবার যা থাকছে না

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ আগস্ট ২৩ ১০:৫৩:১৯
একাদশে ভর্তির আগে জেনে নিন নতুন নিয়ম, এবার যা থাকছে না

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর সংশোধিত প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে সংশোধিত এ প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত ও প্রকাশ করা হবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু এবং ১২ নভেম্বর একাদশের ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ওই সময়সূচিতে সম্মতি দেয়নি।

এবার আবেদনে বড় পরিবর্তন

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়ার পর শিক্ষার্থীর ফলাফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

তবে আবেদনের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। আগের বছরগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাধিক ধাপে একাদশে ভর্তির আবেদন করার সুযোগ পেত। এবার প্রথম পর্যায়ে একবারই আবেদন করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

একবার আবেদন করার কারণে আগের মতো মাইগ্রেশনের সুযোগও থাকবে না। ফলে কলেজ পছন্দের ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও সতর্কতার সঙ্গে পছন্দক্রম দিতে হবে।

তবে খাতা পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পুনরায় আবেদনের সুযোগ পাবে। একইভাবে কোনো শিক্ষার্থী প্রথম পর্যায়ে বাদ পড়লে, নিশ্চয়ন না করলে বা কোনো কলেজে মনোনয়ন না পেলে পরবর্তী সময়ে আবার আবেদনের সুযোগ দেওয়া হবে।

সেপ্টেম্বরে শুরু হতে পারে ক্লাস

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু, ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম এবং ১২ নভেম্বর ক্লাস শুরুর কথা বলা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সময়সূচি এগিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই আবেদন শুরু হতে পারে এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে। পুনর্নিরীক্ষণের পর যারা আবার আবেদন করে কলেজ পরিবর্তন করবে, তাদের ক্লাসও ১ অক্টোবরের মধ্যে শুরু করার প্রস্তাব রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে এবং সংশোধিত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।

তিনি বলেন, একাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।

কেন এগিয়ে আনা হচ্ছে ভর্তি ও ক্লাস?

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ভর্তিপ্রক্রিয়া শেষে একাদশ শ্রেণির ক্লাস ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। তবে গত কয়েক বছর বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে ক্লাস শুরু করা সম্ভব হয়নি।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ১০ জুলাই এবং ভর্তি কার্যক্রম শেষে একাদশের ক্লাস শুরু হয় ১৫ সেপ্টেম্বর। এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ১০ আগস্ট। তাই গত বছরের তুলনায় ভর্তি ও ক্লাসের কার্যক্রম এগিয়ে আনতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

অর্ধেকের বেশি আসন খালি থাকার সম্ভাবনা

এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

দেশের কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। সে হিসাবে এবার মোট আসনের অর্ধেকের বেশি খালি থাকার সম্ভাবনা রয়েছে।

তবে আসনসংখ্যা শিক্ষার্থীর তুলনায় বেশি হলেও জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। কারণ দেশের জনপ্রিয় ও ভালো ফল করা কলেজগুলোতে আসনসংখ্যা তুলনামূলকভাবে সীমিত।

পাঠকের মতামত: