ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরি, জেনে নিন শর্ত

চাকরির সংবাদ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৪:৫৫:০০
এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরি, জেনে নিন শর্ত

চাকরিপ্রার্থীদের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগের সুযোগ তৈরি করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটির এফএমসিজি ডিভিশনের বিক্রয় বিভাগে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে বেশ কিছুসংখ্যক কর্মী নেওয়া হবে। চাকরিটি পেতে আগ্রহীদের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সাক্ষাৎকার কেন্দ্রে উপস্থিত হতে হবে।

বিশেষ করে যেসব প্রার্থীর সেলসে বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তাদের জন্য এই নিয়োগে আবেদনের সুযোগ থাকছে। খাদ্যপণ্য বিক্রয়ের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স ও অভিজ্ঞতার শর্ত

এই পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব করা হবে ১ অক্টোবর ২০২৬ তারিখে।

শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অভিজ্ঞতার শর্তও আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। এইচএসসি বা সমমান পাস প্রার্থীদের সেলসে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর স্নাতক (পাস কোর্স) উত্তীর্ণদের জন্য প্রয়োজন হবে সেলসে অন্তত ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

নিয়োগের পর যেসব দায়িত্ব

এসআর হিসেবে নির্বাচিত ব্যক্তিদের নির্ধারিত এলাকায় বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে। রুট প্ল্যান অনুসরণ করে মুদি ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা হবে কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এর সঙ্গে দৈনিক ও মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের দায়িত্বও থাকবে। একই সঙ্গে পরিবেশক এবং বিক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

থাকছে একাধিক সুবিধা

নিয়োগপ্রাপ্তদের জন্য আকর্ষণীয় বেতনের পাশাপাশি টিএ/ডিএ, সেলস ইনসেনটিভ, কমিশন ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

কোথায় যেতে হবে, কখন

সাক্ষাৎকার শুরু হবে সকাল ১০টায়। দেশের আটটি স্থানে দুই ধাপে এই সাক্ষাৎকার নেওয়া হবে।

২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সাক্ষাৎকার হবে—

তেজগাঁও ডিপো: ১৭০, দক্ষিণ কুনিপাড়া, তেজগাঁও (আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে)।

গাজীপুর: শামীন ভুলক্যাডেট কোটিং, হাজী ব্লক-ডি, কোনাবাড়ী।

ময়মনসিংহ ডিপো: মোতালেব ভিলা, হোল্ডিং নম্বর-১১৫।

বগুড়া: ফ্রেশ ডিপো অফিস, শিকারীকান্দা।

এরপর ২ অক্টোবর ২০২৬, শুক্রবার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে—

চট্টগ্রাম: শরিফা ট্রেড সেন্টার, বিআইটি রোড, বায়েজিদ বোস্তামী।

বরিশাল: ক্যারিটাস আঞ্চলিক কার্যালয়, সাগরদী, বরিশাল।

যশোর ডিপো: মেলামার্কেট।

ফরিদপুর: হোম অব গ্রোথ, মোল্লা বাড়ি রোড, গোয়ালচামট, ফরিদপুর।

সাক্ষাৎকারে যাওয়ার আগে যা প্রস্তুত রাখতে হবে

প্রার্থীদের শুধু উপস্থিত হলেই হবে না, সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও রাখতে হবে। বায়োডাটার সঙ্গে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদের মূলকপি ও ফটোকপি সঙ্গে রাখতে হবে। নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হয়েই সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

বায়োডাটা জমা দেওয়ার বিকল্প ঠিকানা

সাক্ষাৎকারে সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি প্রার্থীরা বায়োডাটা ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়ার সুযোগও পাবেন। এ জন্য ঠিকানা নির্ধারণ করা হয়েছে—

২০, রোড-২৪, গুলশান-২, ঢাকা-১২১২।

অন্য পদে আগ্রহীদের জন্য যোগাযোগ

ব্রাঞ্চ ম্যানেজার ও টেরিটরি ম্যানেজার পদে আগ্রহী প্রার্থীদের জন্য সরাসরি যোগাযোগের ব্যবস্থাও রয়েছে। এ দুই পদের বিষয়ে জানতে ০১৬২৯৭২২৩১৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

আল-সাদ/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ