ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Md Razib Ali

Senior Reporter

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বদল, শীর্ষস্থান হারাল ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২০ ১২:২৯:১২
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বদল, শীর্ষস্থান হারাল ভারত

একটি সিরিজের ফলেই বদলে গেল টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে কিছুদিন আগে এক নম্বরে ওঠা ভারতকে পেছনে ফেলে সেই জায়গা আবার দখল করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে পূর্ণ ৩-০ জয় পাওয়ার পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে ইংলিশরা। বিশ্বচ্যাম্পিয়ন ভারত নেমে গেছে দুই নম্বরে।

ইংল্যান্ডের এই প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে সাম্প্রতিক টি-টোয়েন্টি সাফল্য। সবশেষ ২৬ ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও কোনো ম্যাচ হারেনি তারা।

শেষ ম্যাচেও শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙল দ্রুত

সিরিজের শেষ ম্যাচে বড় কোনো রান তোলার সুযোগই তৈরি করতে পারেনি শ্রীলঙ্কা। ওল্ড ট্রাফোর্ডে ব্যাটিং করে ১২৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

এই লক্ষ্য ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে ওঠেনি। হাতে তখনও ৬২ বল বাকি, এর মধ্যেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

জয়ের সবচেয়ে বড় অবদান জস বাটলারের। ৩২ বলের ইনিংসে ৬২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন বাটলার। ব্রুকের সংগ্রহ ছিল ৩৩ রান।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১১৯ রানে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৬ উইকেটে। শেষ ম্যাচে ৮ উইকেটের জয় দিয়ে সিরিজের তিনটি ম্যাচই নিজেদের করে নেয় ইংল্যান্ড।

শীর্ষে ওঠাকে বিশেষ অর্জন বলছেন ব্রুক

শুধু সিরিজ জয় নয়, র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা ফিরে পাওয়াকেও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক আলাদা গুরুত্ব দিচ্ছেন। তার মতে, এই সাফল্যে দলের প্রত্যেক সদস্যের গর্ব করার কারণ রয়েছে। বিশেষ করে যারা নিয়মিত খেলার সুযোগ পাননি, তাদের অবদানও তিনি উল্লেখ করেছেন।

ব্রুক বলেন, ‘টি-টোয়েন্টিতে আবারও বিশ্বের এক নম্বর হওয়া অসাধারণ এক অর্জন। এ জন্য দলের প্রত্যেকেরই গর্বিত হওয়া উচিত। সবাই নিজেদের সেরাটা দিয়েছে, বিশেষ করে যারা খুব বেশি খেলার সুযোগ পায়নি।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে ব্যাট হাতে ব্রুকের সংগ্রহ ১৭০ রান। তিন সংস্করণেই ইংল্যান্ডের নিয়মিত খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করলেও দেশের হয়ে খেলাকেই নিজের প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন তিনি।

ব্রুকের ভাষায়, ‘আমি ইংল্যান্ডের হয়ে যত বেশি সম্ভব ক্রিকেট খেলতে চাই। এটাই আমার প্রধান অগ্রাধিকার। এ কারণেই আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলি না।’

টি-টোয়েন্টির পর সামনে ওয়ানডে

একদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে ভারত, অন্যদিকে শ্রীলঙ্কার সামনে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং এবং বোলিং—দুই বিভাগেই হতাশ করেছে দলটি।

তবে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ওয়ানডেতে পরিস্থিতি বদলানোর লক্ষ্য শ্রীলঙ্কার। আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।

টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কাও। একই সঙ্গে এই সিরিজ থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ উপলব্ধির কথাও জানিয়েছেন তিনি।

আসালাঙ্কা বলেন, ‘ব্যাটিং ও বোলিং, দুই দিক থেকেই আমাদের জন্য এটি খুবই হতাশাজনক একটি সিরিজ ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা দলগুলোর তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তা বোঝার জন্য এই সিরিজটি আমাদের চোখ খুলে দিয়েছে।’

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ