‘অনেক বউ ছেড়ে গেছে, অর্পিতা যায়নি’, অকপট প্রসেনজিৎ
দাম্পত্য জীবনে একাধিকবার বিচ্ছেদের অভিজ্ঞতা থাকলেও বর্তমান স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দুই দশকের বেশি সময় ধরে সংসার করছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই দীর্ঘ পথচলায় স্ত্রীর ধৈর্য ও পাশে থাকার বিষয়টিকে বিশেষভাবে মূল্যায়ন করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আগের দুই বিয়ের প্রসঙ্গ টেনে রসিকতার ছলে অর্পিতাকে নিয়ে এমন মন্তব্যই করেছেন টালিউডের এই অভিনেতা।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না প্রসেনজিৎ। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই সংযম কিছুটা ভেঙে স্ত্রীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। অর্পিতার প্রতি ভালোবাসার পাশাপাশি তাঁর প্রতি যে গভীর শ্রদ্ধা রয়েছে, সেটিও স্পষ্ট করেছেন অভিনেতা।
‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে’
অর্পিতার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠতেই নিজের অতীতের দিকে ফিরে তাকান প্রসেনজিৎ। আগের সংসারগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী- ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’
মন্তব্যটির শুরুতে রসিকতার সুর থাকলেও শেষ পর্যন্ত অর্পিতার প্রতি তাঁর আবেগ ও শ্রদ্ধার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। শুধু জীবনসঙ্গী হিসেবেই নয়, একজন অভিনেত্রী হিসেবেও অর্পিতার প্রশংসা করেছেন তিনি।
দেবশ্রী ও অপর্ণার পর জীবনে আসেন অর্পিতা
প্রসেনজিতের দাম্পত্য জীবনের ইতিহাসে রয়েছে তিনটি বিয়ের অধ্যায়। প্রথমবার তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়কে। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। কিন্তু এই দুই সম্পর্কই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
এরপর ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রসেনজিৎ। সেই সম্পর্কের শুরু থেকে এখন পর্যন্ত তাঁদের একসঙ্গে কাটানো সময় দুই দশকেরও বেশি। তাঁদের সংসারে রয়েছে ছেলে মিশুক।
পর্দার জনপ্রিয়তার পাশাপাশি আলোচনায় ব্যক্তিজীবন
বাংলা চলচ্চিত্রে প্রসেনজিতের পথচলা তিন দশকেরও বেশি সময়ের। দীর্ঘ এই সময়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। একসময় তাঁর অভিনয়কে ঘিরেই বাংলা সিনেমার বক্স অফিসে ফিরে এসেছিল প্রাণচাঞ্চল্য। দর্শকের ভালোবাসায় তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘ইন্ডাস্ট্রি’ তকমা।
তবে পর্দার সাফল্যের বাইরেও বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তিগত জীবন সংবাদমাধ্যমের আলোচনায় এসেছে। বিশেষ করে অর্পিতার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সেসব আলোচনা ও জল্পনার মধ্যেও দুজনের একসঙ্গে পথচলা থেমে থাকেনি।
সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রসেনজিতের বক্তব্যে সেই সম্পর্কের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিই সামনে এসেছে। অতীতের দাম্পত্য অভিজ্ঞতার সঙ্গে বর্তমান সংসারের তুলনা করতে গিয়ে অর্পিতার প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
FAQ
১. অর্পিতা চট্টোপাধ্যায়কে নিয়ে প্রসেনজিৎ কী মন্তব্য করেছেন?
তিনি রসিকতার সুরে বলেছেন, আগের অনেক স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেলেও অর্পিতা এখনো তাঁর সঙ্গে রয়েছেন। অর্পিতার প্রতি ভালোবাসা ও সম্মানের কথাও জানিয়েছেন।
২. প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মোট কয়বার বিয়ে করেছেন?
প্রসেনজিৎ জীবনে তিনবার বিয়ে করেছেন।
৩. প্রসেনজিতের আগের দুই স্ত্রী কারা?
তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায় এবং দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা।
৪. প্রসেনজিৎ ও অর্পিতার বিয়ে কত সালে হয়?
২০০২ সালে তাঁদের বিয়ে হয়।
৫. প্রসেনজিৎ ও অর্পিতার সন্তানের নাম কী?
এই দম্পতির ছেলে মিশুক।
আল-মামুন/