ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ আগস্ট ২৪ ১২:২৯:৩১
৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ

বছরের পর বছর অনিয়ম ও আর্থিক সংকটে থাকা চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আবিবা, ফারিস্ট, এফএস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং-এর আমানতকারীদের অর্থ ফেরতের স্কিম চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে।

ইতোমধ্যে প্রতিষ্ঠান চারটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং আমানত ফেরতের স্কিমও চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারের অনুমোদন ও প্রয়োজনীয় তহবিল পাওয়ার পর ধাপে ধাপে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, পাঁচ ব্যাংকের আমানত ফেরতের স্কিমের আদলে চার আর্থিক প্রতিষ্ঠানের জন্যও একটি পৃথক স্কিম তৈরি করা হচ্ছে। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ পাওয়ার পর সেটি ঘোষণা করা হবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ব্যক্তিগত আমানতকারীদের মধ্যে—

১০ লাখ টাকা পর্যন্ত আমানত থাকলে পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

২০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৯০ শতাংশ ফেরত দেওয়ার প্রস্তাব রয়েছে।

৩০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৮৫ শতাংশ ফেরত দেওয়া হবে।

আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে প্রথম ধাপে ফেরতের হারও কমবে।

তবে কোন আমানতকারী কখন কত টাকা পাবেন, তার পূর্ণাঙ্গ সময়সূচি চূড়ান্ত স্কিমে উল্লেখ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, যারা প্রথম ধাপে আংশিক অর্থ পাবেন, তাদের বাকি অর্থ কখন এবং কীভাবে পরিশোধ করা হবে—স্কিমে তারও বিস্তারিত সময়সূচি থাকবে।

অর্থাৎ কারা পুরো অর্থ পাবেন, কারা আংশিক পাবেন এবং আংশিক অর্থ পাওয়ার পর অবশিষ্ট অর্থ কবে দেওয়া হবে—সবকিছুই চূড়ান্ত স্কিমে নির্ধারণ করা হবে।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের টাকা মিলবে সম্পদ বিক্রির পরঅবসায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানের সম্পদের মূল্যায়ন ও অন্যান্য বিষয় বিবেচনা করে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কথা রয়েছে।

বিআইডিএসের সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেন, আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করার পাশাপাশি অদক্ষ ও দুর্বল প্রতিষ্ঠানগুলোকে অবসায়নের প্রক্রিয়াও শেষ করা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে অর্থ ফেরতের অপেক্ষায় থাকা চার প্রতিষ্ঠানের গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ