ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৫:৩২:১৪
মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত পাওয়ার জন্য আবেদন করার সময়সীমা আজ রোববার (৬ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করবে ব্যাংকটি।

প্রাথমিক পর্যায়ে গ্রাহকেরা তাদের হিসাবে থাকা মূল অর্থ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট এককালীন উত্তোলন কিংবা নগদায়ন করতে পারবেন। তবে ফেরত নেওয়া এই অর্থের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।

টাকা ফেরত নিতে গ্রাহকদের নিজ নিজ ব্যাংক শাখা বা উপশাখায় আবেদন করতে হচ্ছে। সংশ্লিষ্ট শাখা আবেদনগুলো ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠাবে। পরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করে তা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। এরপর শাখা থেকেই গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের হিসাবে জমা থাকা মূল টাকা উত্তোলনের সুযোগ থাকছে।

তবে কোনো গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখলে বিদ্যমান চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে ভবিষ্যতে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগও তৈরি হবে।

এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলনসংক্রান্ত নির্দেশনা জারি করে। এরপর পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক গত ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবধারীদের কাছ থেকে মূল আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, আবেদন গ্রহণের প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। আগামীকাল থেকে আবেদন করা গ্রাহকদের মূল আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত: