ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

২০২৭ হজ নিবন্ধনের শেষ সময় কত, জানাল মন্ত্রণালয়

ধর্ম ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৭ ২১:৩০:১৮
২০২৭ হজ নিবন্ধনের শেষ সময় কত, জানাল মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের হাতে সময় রয়েছে আর মাত্র ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় স্পষ্ট করেছে, নির্ধারিত সময় পার হওয়ার পর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।

সৌদি সরকারের নির্দেশনা অনুসারেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিবন্ধন শেষ হলেই বাংলাদেশ থেকে কতজন হজে যাবেন, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৪১ জন

বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থাপনার মাধ্যমে এই হজযাত্রীদের পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

তবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের হিসাব বলছে, নির্ধারিত সংখ্যার তুলনায় নিবন্ধনকারীর সংখ্যা এখনো অনেক কম। ওই তারিখ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।

দুই ব্যবস্থাপনা মিলিয়ে মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪১ জন।

নিবন্ধন শুরু হয়েছিল ২৭ জুলাই

চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চালু হয়। এরপর ৯ সেপ্টেম্বর হজ-১ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিবন্ধনের শেষ তারিখ হিসেবে ২৪ সেপ্টেম্বরের কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। অর্থাৎ যারা ২০২৭ সালের হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে চান, তাদের ২৪ সেপ্টেম্বরের মধ্যেই প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এরপর শুরু হবে পরবর্তী প্রস্তুতি

নিবন্ধন পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সামনে রেখে সৌদি পর্বের অর্থ পাঠানোসহ পরবর্তী কাজগুলো এগিয়ে নেওয়া হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যায়ে মেডিক্যার চেকআপ, ফিটনেস সনদ দেওয়া, টিকা প্রদান এবং হজ প্রশিক্ষণের মতো কার্যক্রম সম্পন্ন করা হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য কাজও চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা অনুযায়ী শেষ করা হবে।

ব্যাংকগুলোকে জানাল বাংলাদেশ ব্যাংক

নিবন্ধনের সময়সীমা সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে এসব ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে সার্কুলার পত্র পাঠানো হয়।

সেখানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে সার্কুলারের তথ্য সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যদের বিষয়টি জানাতে বলেছে।

সৌদি সরকারের নির্ধারিত প্রক্রিয়ার কারণে এবার ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের সময় বাড়ানোর সুযোগ না থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ