ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বাংলা কিউআরে আসছে ৪ নতুন সুবিধা, বদলাবে পেমেন্ট

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৮ ১৫:৫৫:০৭
বাংলা কিউআরে আসছে ৪ নতুন সুবিধা, বদলাবে পেমেন্ট

বাংলা কিউআরের ব্যবহার বাড়ার মধ্যেই গ্রাহক ও মার্চেন্টদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে যেকোনো অঙ্কের কোডভিত্তিক পেমেন্টের টাকা তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল অ্যাপে বাংলা কিউআর আইকন সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থা এবং ছবি আপলোডের মাধ্যমে পেমেন্টের সুবিধাও চালু করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও এমএফএস কোম্পানির জন্য এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এক সপ্তাহে লেনদেন হাজার কোটি ছাড়াল

নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগের মধ্যেই বাংলা কিউআরের লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে এ ব্যবস্থায় মোট এক হাজার ৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৯৫৯ কোটি টাকা।

বাংলা কিউআর ব্যবহারের শুরু থেকে লেনদেনের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। চলতি বছরের জুলাইয়ে কোডভিত্তিক লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক হওয়ার সময় দৈনিক গড় লেনদেন ছিল ৪০ কোটি টাকা। আড়াই মাসের মধ্যে সেই পরিমাণ বেড়ে ১৫১ কোটি টাকা হয়েছে।

অ্যাপেই সহজে পাওয়া যাবে বাংলা কিউআর

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় ডিজিটাল পেমেন্টকে গ্রাহকের জন্য আরও সহজ করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এজন্য ব্যাংক ও এমএফএস কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপের হোম পেজে বাংলা কিউআর আইকন এমন স্থানে দেখাতে হবে, যা ব্যবহারকারীর বৃদ্ধাঙ্গুলির কাছাকাছি থাকে।

অর্থাৎ অ্যাপ খোলার পর গ্রাহক যেন সহজেই বাংলা কিউআর ব্যবহারের অপশনটি খুঁজে পান, সে অনুযায়ী আইকনটি দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কিউআর কোডের ছবি দিয়েও করা যাবে পেমেন্ট

শুধু ক্যামেরা দিয়ে কোড স্ক্যান করার পদ্ধতির মধ্যে বাংলা কিউআরকে সীমাবদ্ধ রাখতে চায় না বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবরের মধ্যে কিউআর স্ক্যান করার পাশাপাশি বাংলা কিউআর ইমেজ আপলোড করেও পেমেন্ট করার ব্যবস্থা চালু করতে হবে।

এতে বাংলা কিউআর ব্যবহারের পদ্ধতিতে আরও একটি বিকল্প যুক্ত হবে।

কার্ড ছাড়াও সঞ্চয়ী ও চলতি হিসাব থেকে পেমেন্ট

বাংলা কিউআরের ব্যবহার আরও বিস্তৃত করতে হিসাবের ধরন নিয়েও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কার্ড হিসাবধারীদের পাশাপাশি সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারী যাতে সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে পরিশোধ করতে পারেন, সেই সুবিধা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করা এবং মার্চেন্টদের এ পদ্ধতিতে অর্থ গ্রহণে উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

কেন কোডভিত্তিক লেনদেনে গুরুত্ব

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, নগদ ব্যবস্থাপনার পেছনে বর্তমানে বছরে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী, অপরাধমূলক কর্মকাণ্ড ও কর ফাঁকির সব লেনদেনও নগদ ব্যবস্থার মাধ্যমে হচ্ছে।

এই বাস্তবতায় চলতি বছরের ১ জুলাই থেকে কোডভিত্তিক সব লেনদেন বাংলা কিউআরের আওতায় বাধ্যতামূলক করা হয়েছে।

এর ফলে কোনো দোকান বা মার্চেন্ট পয়েন্টে একটি ব্যাংক কিংবা এমএফএস প্রতিষ্ঠানের কিউআর কোড থাকলেই সেখানে যেকোনো গ্রাহক সেবার বিল পরিশোধ করতে পারছেন। এই সুবিধার কারণে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের পরিমাণ দ্রুত বাড়ছে।

নতুন নির্দেশনায় আরও বাড়বে ব্যবহার

জুলাইয়ে দৈনিক গড়ে ৪০ কোটি টাকা লেনদেন দিয়ে শুরু হলেও অল্প সময়ের মধ্যেই বাংলা কিউআরের লেনদেন ১৫১ কোটি টাকা দৈনিক পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে সাপ্তাহিক লেনদেনও প্রথমবারের মতো এক হাজার কোটি টাকার সীমা অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার মাধ্যমে তাৎক্ষণিক অর্থ জমা, অ্যাপে সহজে কিউআর ব্যবহারের সুযোগ, ইমেজ আপলোড করে পেমেন্ট এবং সঞ্চয়ী ও চলতি হিসাব থেকে পরিশোধের সুবিধা যুক্ত হচ্ছে। এসব পদক্ষেপের ফলে বাংলা কিউআরের ব্যবহার আরও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ