ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, প্রতি কিলোমিটারে কত দিতে হবে

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ১৯:৪৯:৫১
বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, প্রতি কিলোমিটারে কত দিতে হবে

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব এসেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সার বদলে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সার পরিবর্তে ২ টাকা ৭৩ পয়সা ভাড়া নির্ধারণ করতে চায় সড়ক পরিবহন মালিক সমিতি। অর্থাৎ, সব ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিন ধরনের পরিবহনে নতুন ভাড়ার প্রস্তাব

ভাড়া বৃদ্ধির প্রস্তাব শুধু দূরপাল্লার বাসের জন্য নয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসের ভাড়াও একই হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সড়ক পরিবহন মালিক সমিতির প্রস্তাবে বলা হয়েছে, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সার পরিবর্তে ২ টাকা ৪৩ পয়সা নেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ক্ষেত্রে ২ টাকা ৫৩ পয়সা থেকে ভাড়া বেড়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব রয়েছে।

আর ডিটিসি এলাকায় চলাচলকারী মিনিবাসের জন্য কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তেলের দাম বৃদ্ধির পরই ভাড়া নিয়ে বৈঠক

বাসভাড়া বাড়ানোর এই প্রস্তাবের পেছনে রয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। রবিবার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়।

নতুন দরে ডিজেলের প্রতি লিটারের দাম হয়েছে ১৩৫ টাকা। কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৫ টাকা। একইভাবে অকটেনের দাম ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা করা হয়েছে। রোববার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পরদিনই বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি নিয়ে বিআরটিএর সঙ্গে বৈঠকে বসে সড়ক পরিবহন মালিক সমিতি। সেখানেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সামনে আসে।

দু’একদিনের মধ্যে আসতে পারে প্রজ্ঞাপন

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, তেলের দাম বাড়ার কারণেই বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দু’একদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

তবে প্রস্তাব দেওয়া হলেও এখনো ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কিছু বাসে এরই মধ্যে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

সরকারি সিদ্ধান্ত না হলেও রাজধানীর কয়েকটি বাসে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা করে নেওয়া হচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। আবার খুলনাগামী একাধিক বাসে নির্ধারিত ভাড়ার তুলনায় ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

এ বিষয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এস এম আহাম্মেদ খোকন। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আমার জানামতে এখনও লং রুটে এখনো পর্যন্ত খুব একটা কেউ ভাড়া বাড়ায়নি এবং সিটি সার্ভিসেও তাই।’

সরকারি সিদ্ধান্তের আগে ভাড়া বাড়ানোর সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি। তাঁর ভাষায়, ‘বিচ্ছিন্নভাবে কেউ যদি বাড়ায় থাকে, তাহলে তাদের দায়িত্ব তাদের। সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভাড়া বাড়বে না।’

ফলে মালিক সমিতির প্রস্তাবে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর কথা থাকলেও সেটি কার্যকর হওয়ার জন্য এখনো সরকারি সিদ্ধান্ত ও প্রজ্ঞাপনের অপেক্ষা রয়েছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ