Md Razib Ali
Senior Reporter
শেয়ারবাজারে বড় জালিয়াতি: ৪ প্রতিষ্ঠানের কোটি টাকা জরিমানা
শেয়ারবাজারে স্বচ্ছতা ফেরাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইন লঙ্ঘন এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪টি ব্রোকারেজ হাউজ ও কোম্পানি এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের মোট ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত এপ্রিল মাসে অনুষ্ঠিত শুনানিতে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন সন্তোষজনক না হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউসিবি স্টক ব্রোকারেজ: ই-মেইল জালিয়াতির মাধ্যমে গ্রাহক ঠকানোর মাশুল
বিএসইসির তদন্তে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর প্রতারণার চিত্র উঠে এসেছে। মো. আইয়ুব আলী নামের এক গ্রাহকের পোর্টফোলিও স্টেটমেন্টে জালিয়াতি করে দীর্ঘ সময় ধরে ভুল তথ্য দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের এক কর্মীর ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে ওই গ্রাহককে ভুয়া তথ্য পাঠানো হতো।
গ্রাহক যাতে শেয়ার লেনদেনের কোনো মেসেজ (সিডিবিএল নোটিফিকেশন) না পান, সেজন্য তাঁর মোবাইল নম্বরটি কৌশলে বদলে দিয়েছিল ব্রোকারেজ হাউজটি। এই গুরুতর অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সিইও মোহাম্মদ রহমত পাশা ও কর্মকর্তা মো. শহিদুজ্জামানকে ১৫ লাখ টাকা করে এবং আরও দুজনকে ৩ লাখ টাকা করে মোট ৬৬ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে।
এনবিএল সিকিউরিটিজ: অনুমতিহীন লেনদেন ও পেশাগত অসদাচরণ
এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকের অনুমতি ছাড়াই শেয়ার কেনাবেচা এবং লেনদেনের সঠিক রেকর্ড না রাখার প্রমাণ পেয়েছে কমিশন। নির্ধারিত সময়ে গ্রাহকের অভিযোগ আমলে না নেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে হাউজকে ১০ লাখ, সাবেক এমডি জোবায়েদ আল-মামুন হাসানকে ৫ লাখ এবং তৎকালীন অ্যান্টি মানি লন্ডারিং অফিসার ফারজানা ফেরদৌসীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
খুলনা প্রিন্টিং: তথ্য গোপন ও প্রশাসনিক বিশৃঙ্খলার দায়ে দণ্ড
তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে পাহাড়সম অনিয়ম খুঁজে পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। কোম্পানিটি টানা তিন বছর লোকসানে থাকলেও তা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে গোপন রেখেছিল এবং উৎপাদন বন্ধের বিষয়টিও শেয়ারহোল্ডারদের জানায়নি। এছাড়া ডিএসইর ফি বকেয়া রাখা, নিয়মিত প্রতিবেদন জমা না দেওয়া এবং ওয়েবসাইট অকার্যকর রাখার দায়ে কোম্পানিটির চেয়ারম্যান, পরিচালক ও সিএফওসহ ৬ কর্মকর্তাকে ৪ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে কোম্পানিটি বিএসইসির ‘এক্সিট প্ল্যান’-এর আওতায় রয়েছে।
গিবসন সিকিউরিটিজের এমডিকে জরিমানা
সিকিউরিটিজ আইনের সাধারণ বিধান লঙ্ঘনের পৃথক ঘটনায় গিবসন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফাকে ১ লাখ টাকা ব্যক্তিগত জরিমানা করা হয়েছে।
বিএসইসির এই কঠোর অবস্থান পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠায় একটি বড় বার্তা হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। অনিয়মের বিরুদ্ধে কমিশনের এই জিরো টলারেন্স নীতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা