ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

Md Razib Ali

Senior Reporter

শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৯:৫৫:০১
শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব

দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা দ্রুত সমাধান, বাজারে তারল্য বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একাধিক উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এর অংশ হিসেবে নতুন আর্থিক পণ্য ও ট্রেডিং কৌশল চালু, প্রি-ওপেনিং সেশন পুনরায় চালুর সম্ভাবনা যাচাই, বন্ডসহ বিভিন্ন ইন্সট্রুমেন্টের পরিধি বাড়ানো এবং বিদেশি বিনিয়োগের পথে থাকা বাধা দূর করার মতো প্রস্তাব এসেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ডরুমে শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে পুঁজিবাজারের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাজারকে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন অংশীজনরা।

সমস্যার সমাধানেই জোর

বৈঠকে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে বাজারের দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া বিষয়গুলো এবং বর্তমান কঠিন পরিস্থিতি। তার মতে, শুধু সমস্যাগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করলে হবে না; প্রতিটি সমস্যার জন্য বাস্তবভিত্তিক সমাধান বের করতে হবে।

ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও বাজারে তারল্য বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে বিভিন্ন প্রস্তাব দেন। তাদের আলোচনায় নতুন ট্রেডিং কৌশল ও আর্থিক পণ্য চালুর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা প্রি-ওপেনিং সেশন আবার চালুর কারিগরি ও বাস্তব সম্ভাবনা যাচাইয়ের বিষয়টি উঠে আসে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিমের মেয়াদ এবং ঋণ পরিশোধের সময়সীমা বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা ও সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ কমাতে মেম্বারস মার্জিন নেট-অফের সুযোগ এবং বন্ডসহ বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্টের পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

নজরদারিতে পরিবর্তনের প্রস্তাব

বাজার তদারকির ক্ষেত্রেও পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা। ইন্সপেকশন ও সার্ভিলেন্স কার্যক্রমকে নিয়মিত করার পাশাপাশি তথ্যনির্ভর, ঝুঁকিভিত্তিক ও স্বচ্ছ করার ওপর তারা গুরুত্ব দেন।

তাদের বক্তব্য অনুযায়ী, স্বাভাবিক ট্রেডিং ভলিউমকে কেন্দ্র করে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অস্বাভাবিক মূল্য পরিবর্তন এবং প্রকৃত অনিয়মের ইঙ্গিতকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। এ ক্ষেত্রে নীতিগত ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি বিনিয়োগকারী-কেন্দ্রিক সেমিনার ও সংলাপ আয়োজনের প্রস্তাব আসে। উচ্চ সম্পদসম্পন্ন বিনিয়োগকারী এবং প্রকৃত মার্কেট প্লেয়ারদের সঙ্গে ডিএসইর যোগাযোগ আরও বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদে শেয়ার বাইব্যাকের সুযোগ চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানানো হয়।

ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতি

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানান, বৈঠকের অন্যতম উদ্দেশ্য ছিল বাজারের উন্নয়ন নিয়ে অংশীজনদের মতামত এবং বাস্তব অভিজ্ঞতা জানা। তাদের গঠনমূলক পরামর্শ বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আলোচনার বিষয়গুলো ডিএসইর বোর্ড এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানো হবে।

ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতিও এগিয়ে চলছে বলে জানান তিনি। প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত প্রস্তুতি শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

সাম্প্রতিক পাঁচটি ব্রোকারেজ-সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়েও ডিএসই কাজ করছে বলে জানান নুজহাত আনোয়ার।

প্রযুক্তি ও বিনিয়োগকারী সেবায় জোর

ডিএসইর আইটি ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ইতোমধ্যে বোর্ড অনুমোদন করেছে এবং সেটি বাস্তবায়নের কাজ চলছে বলে জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক।

বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ইন্সপেকশন ও সার্ভিলেন্স আরও কার্যকর করার উদ্যোগও নেওয়া হয়েছে। এ জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণের পাশাপাশি তথ্যভিত্তিক সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে।

বিএসইসির উদ্যোগে সিডিবিএল, সিসিবিএল ও আইটি টিমকে নিয়ে নিয়মিত সভা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। অনলাইনে হিসাব খোলার ব্যবস্থা, খুচরা বিনিয়োগকারীদের সেবা সহজ করা এবং টি+১ সেটেলমেন্টসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বিতভাবে কাজ করছে।

নতুন ওয়েবসাইট উদ্বোধনের পরিকল্পনা

ডিএসইর নতুন ওয়েবসাইট তৈরির কাজও প্রায় শেষ। আগামী ২২ সেপ্টেম্বরের প্রেস কনফারেন্সে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানান নুজহাত আনোয়ার।

নতুন ওয়েবসাইট চালু হলেও বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করে পুরোনো ওয়েবসাইট আরও দুই থেকে তিন মাস সচল রাখার পরিকল্পনা রয়েছে।

নুজহাত আনোয়ার বলেন, ডিএসইর কার্যক্রমকে আরও স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক করার পাশাপাশি পুরো পুঁজিবাজারের ইকোসিস্টেম উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়েই কাজ করা হবে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ