ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে

বিশ্ব ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৫:৫৯:০৮
বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার পর ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে গেছে। এতে কলকাতার চিকিৎসা পর্যটন খাতেও প্রভাব পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং বাংলাদেশি রোগীদের আস্থা ফেরাতে এবার সরাসরি বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ নিয়েছে কলকাতার কয়েকটি বড় হাসপাতাল।

হাসপাতালগুলোর প্রতিনিধিরা বাংলাদেশি রোগী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। একইসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার আগে নিরাপদ ও অনুমোদিত আবাসন বেছে নেওয়ার বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনীয় নিরাপত্তা অনুমোদন রয়েছে—এমন হোটেলেই রোগী ও স্বজনরা থাকছেন কি না, সেটিও নিশ্চিত করতে সহায়তা করবে হাসপাতালগুলো।

কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের সাম্প্রতিক ভ্রমণ পরামর্শের পরিপ্রেক্ষিতেই হাসপাতালগুলো এ উদ্যোগ নিয়েছে। ওই পরামর্শে বাংলাদেশি পর্যটক ও রোগীদের ভারতে যাওয়ার আগেই প্রয়োজনীয় আইনগত অনুমোদন থাকা নিরাপদ হোটেল বুক করার আহ্বান জানানো হয়।

ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতা প্রশাসনের অভিযান ও যাচাই-বাছাইয়ে কম খরচের বেশ কয়েকটি হোটেল বন্ধ হয়ে যায়। এতে স্বল্প বাজেটে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনেরা আবাসন সংকটে পড়েন। নিরাপত্তা যাচাই ছাড়া ঝুঁকিপূর্ণ হোটেলে অবস্থান ঠেকাতে হাসপাতালগুলো এখন চিকিৎসার পাশাপাশি আগাম আবাসনের ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে।

আলিপুরভিত্তিক উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের ভ্রমণের আগেই হাসপাতালের আশপাশের নিবন্ধিত ও নিরাপদ হোটেলের তালিকা দিচ্ছে। হাসপাতালটির প্রধান নির্বাহী রূপক বড়ুয়া জানান, উপহাইকমিশনের নির্দেশনা অনুযায়ী রোগীরা যাতে আগেই নির্ভরযোগ্য থাকার জায়গা নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করছে।

অন্যদিকে বিপি পোদ্দার হাসপাতাল বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর পাশাপাশি হাসপাতালের কাছাকাছি বাংলাদেশি রোগীদের জন্য নিজস্ব নিরাপত্তাবেষ্টিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। রুবি জেনারেল হাসপাতালও বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র চালু করেছে। দেশুন হাসপাতাল রোগী ও তাদের স্বজনদের জন্য আগাম আবাসনের সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

সাধারণত বহির্বিভাগে চিকিৎসা নিতে কলকাতায় যাওয়া রোগীদের কয়েক দিন হোটেলে অবস্থান করতে হয়। ফলে নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা রোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের আশা, বাংলাদেশি রোগীদের জন্য নিরাপদ আবাসন, আগাম তথ্য ও সরাসরি সহায়তার ব্যবস্থা চালু হলে তাদের ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি কমবে। একইসঙ্গে ভয় ও অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশি রোগীদের আস্থা ফিরবে এবং কলকাতার চিকিৎসা পর্যটন খাতও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ