ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ০১ ১০:৪৯:৪৭
লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের

খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেনে অনিয়ম ও কারসাজির অভিযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির শেয়ার লেনদেন পর্যালোচনা করে আইন লঙ্ঘনের দায়ে আট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে মোট প্রায় ২ কোটি ২০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই ঘটনায় আরও দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি একজন চীনা উদ্যোক্তা ও একটি প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্তে কারসাজির ঘটনায় ওই চীনা উদ্যোক্তাকে ঘিরে সহযোগী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও সূত্র জানিয়েছে।

যাদের জরিমানা

লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বিএসইসি যাদের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে, তারা হলেন—

  • লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ—১৪ লাখ ৬৬ হাজার টাকা;
  • সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট—৭ লাখ ৫০ হাজার টাকা;
  • এইচএম রুবাইয়াত—৬ লাখ ৮২ হাজার টাকা;
  • শায়লা আক্তার—৪ লাখ ৯৪ হাজার টাকা;
  • রাজন কুমার সাহা—২ লাখ টাকা;
  • তাসলিমা কানন—৩৩ লাখ টাকা;
  • মো. মাসুদ রানা—৩৫ লাখ ৫০ হাজার টাকা;
  • আবু সাদাত মো. ফয়সাল—৪৫ লাখ টাকা;
  • আদিবা আজাদ—১৪ লাখ ৮০ হাজার টাকা;
  • মোহাম্মদ আরিফ হোসাইন—৫৫ লাখ ৭৫ হাজার টাকা।

সব মিলিয়ে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত অর্থদণ্ডের পরিমাণ ২ কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকা।

ফৌজদারি মামলার সিদ্ধান্ত

শুধু জরিমানা নয়, কারসাজির অভিযোগে লাভেলো আইসক্রিমের চেয়ারম্যান শামীমা নার্গিস হক, তার নিকটাত্মীয় মো. জাহেদুল হক এবং পারিবারিক প্রতিষ্ঠান তৌফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

অন্যদিকে, এ ঘটনায় ঝুয়াং লিফেং ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।

ঝুয়াং লিফেং দেশের পোশাক ও আর্থিক খাতের সঙ্গে যুক্ত একজন চীনা উদ্যোক্তা। চীনা নাগরিক হলেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন। তার দুটি প্রতিষ্ঠান—লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট—কারসাজির ঘটনায় সংশ্লিষ্ট বলে তদন্তে উঠে এসেছে।

তবে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে জানিয়েছেন, লাভেলো আইসক্রিমের শেয়ার কারসাজির অভিযোগে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এখনো মামলা করা হয়নি। বিষয়টি পর্যালোচনা করে আইন বিভাগ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সাড়ে পাঁচ মাসে শেয়ারের দাম বেড়েছিল ২৫৭ শতাংশ

তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএসইসির তদন্তে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেছে।

ওই বছরের ২৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৯ টাকা ৮০ পয়সা। এরপর ১৫ জুলাই তা বেড়ে ১০৬ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়। অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ মাসে শেয়ারটির দাম বেড়েছিল ৭৬ টাকা ৬০ পয়সা বা প্রায় ২৫৭ শতাংশ।

বিএসইসির তদন্ত অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭(ই)(২) ও ১৭(ই)(৫) ধারা, ২০১০ সালের ১৪ জুলাই কমিশনের নোটিফিকেশন এবং সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা, ২০২২-এর বিধি ৫(১) লঙ্ঘন করে যোগসাজশের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে মুনাফা করেছে।

মামলা নিয়ে বিশেষজ্ঞের মত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন মনে করেন, শুধু জরিমানা করলে তা আদায়ে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। তবে অভিযোগের ধরন ও অপরাধ বিবেচনায় সঠিক আইনি ব্যাখ্যা ও প্রক্রিয়া অনুসরণ করে মামলা করা হলে বাজারে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হওয়ার কথা নয়।

তার মতে, মামলা করার আগে কমিশনকে আইনি ভিত্তি ও সংশ্লিষ্ট ধারাগুলো যথাযথভাবে পর্যালোচনা করে এগোতে হবে। সিদ্ধান্তটি যদি হঠাৎ বা দুর্বল আইনি ভিত্তির ওপর নেওয়া হয়, তাহলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে।

‘জিরো টলারেন্স’ নীতিতে বিএসইসি

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। কমিশনের এনফোর্সমেন্ট ডিভিশন এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।

এর আগে গত ১৮ আগস্ট ‘কারসাজির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে’ শিরোনামে আগামীর সময় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে তিনি জানিয়েছিলেন, কোনো ঘটনায় প্রশাসনিক বা দেওয়ানি ব্যবস্থা প্রয়োজন হলে জরিমানা করা হবে। তবে গুরুতর বা উচ্চপ্রোফাইলের ঘটনায় প্রয়োজন হলে ফৌজদারি মামলার দিকেও যাওয়া হবে।

লাভেলোর শেয়ার লেনদেন নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্তকে সেই নীতিরই বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ